৪২ বছর পর নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মুক্তিযুদ্ধের ৪২ বছর পর উপজেলার সুঘাট ইউনিয়নে স্থানীয় শহীদদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত স্মৃতিস্তম্ভে গত সোমবার বেলা তিনটায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এর উদ্বোধন করা হয়।
উপজেলার গণকবর চিহ্নিত উপকমিটির সদস্য মুনসি সাইফুল বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ ২০ পরিবারের সদস্যরা। এতে আরও যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা।
অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে বেঁচে যাওয়া অমল চন্দ্র পাল (৬০) বলেন, এ স্মৃতিস্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে বিজয়ের ৪৩ বছরে এসে তাঁদের দাবি পূরণ হলো। শহীদ যজ্ঞেশ্বর পালের নাতি অলোক পাল বলেন স্মৃতিস্তম্ভ নির্মাণ ও শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা তাঁদের মতো নতুন প্রজন্মের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
গতকাল মঙ্গলবার বিজয় দিবসে স্থানীয় লোকজন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কল্যাণী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩৫ হাজার টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।