বগুড়ার শিবগঞ্জে ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীক জয়লাভ করেছিল। তারপর পার হয়েছে অনেক নির্বাচন। কিন্তু আর কখনোই নৌকা প্রতীকে কেউ জয়লাভ করতে পারেননি।
দীর্ঘ ৪২ বছর পর এবার ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত এখানে নৌকা প্রতীকের জয় হওয়াতে এটাই ছিল গতকাল বৃহস্পতিবার এলাকায় আলোচনার প্রধান বিষয়।
এটা প্রার্থী তৌহিদুর রহমানের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি, নাকি আওয়ামী লীগের সাংগঠনিক ঐক্যের বহিঃপ্রকাশ, নাকি বিএনপির সাংগঠনিক নাজুক অবস্থার ফল—এসব নিয়েই যাবতীয় আলোচনা সব মহলে।
এলাকার বিভিন্ন স্তরের ১৫-১৬ জন, আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সাত-আটজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, নৌকা প্রতীক জয়লাভের পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান থাকলেও মোটাদাগে চারটি কারণে সবাই একই মত প্রকাশ করেছেন।
এর মধ্যে প্রথম কারণ ছিল আওয়ামী লীগের তৌহিদুর রহমান ও বিএনপির মতিয়ার রহমান পৌরসভা গঠনের পর যে দুটি নির্বাচন হয়েছে প্রতিটিতেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই দুটি নির্বাচনেই মতিয়ার রহমান জয়লাভ করেছেন। তার আগেও প্রশাসক হিসেবেও অনেক দিন মতিয়ার রহমান দায়িত্বে ছিলেন। এবারের নির্বাচনে তাই ভোটারদের মধ্যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা প্রবল ছিল। শব্দলদীঘি মহল্লার ভোটার আমিনুল ইসলাম বললেন, ‘বারবার তো গোস্ত-মাছই খাচ্ছি, এবার না হয় ডাল-ভাত খাই।’
দ্বিতীয়ত বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল ছিল চরমে। মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক পাওয়ায় বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। তাঁরা মতিয়ার রহমানকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেন। এ কারণে ভোট গ্রহণের দিন কেন্দ্রগুলোতে বিএনপির তেমন কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। এতে তাঁদের সাংগঠনিক দৈন্য প্রকটভাবে ফুটে ওঠে।
তৃতীয় কারণ হিসেবে জানা যায়, এই প্রথম এখানে আওয়ামী লীগের সাংগঠনিক ঐক্য ছিল এককাট্টা। গত ২৫ বছরে প্রতিটি নির্বাচনে এখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব ছিলই। কিন্তু এবার ছিল ব্যতিক্রম। আওয়ামী লীগের স্থানীয় সব পর্যায়ের নেতা-কর্মী সুশৃঙ্খলভাবে নির্বাচনে জেতার জন্য কাজ করেছেন।
আর চতুর্থ কারণ ছিল আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী হওয়া। অনেক ভোটার মনে করেন, আওয়ামী লীগ আরও অনেক দিন সরকারে থাকবে। তাই এলাকার উন্নয়ন করতে হলে সরকারদলীয় মেয়র ছাড়া উন্নয়ন হবে না। এ কারণেও অনেকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।
তৌহিদুর রহমান বলেন, মানুষ একটা পরিবর্তন চেয়েছে। তা ছাড়া বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে মানুষের আস্থা বেড়েছে আওয়ামী লীগের প্রতি। আর আওয়ামী লীগের স্থানীয় সব পর্যায়ের নেতা-কর্মীদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে বিএনপির দুর্গ তছনছ হয়েছে।
গত বুধবার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তৌহিদুর রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ২০৮ ভোট বেশি পেয়ে জিতেছেন। তৌহিদুর রহমান ভোট পেয়েছেন ৭ হাজার ২৬২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান পেয়েছেন ৬ হাজার ৫৪।