৪২ বছর পর বাবার বিরুদ্ধে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকে হত্যার অভিযোগে প্রায় ৪২ বছর পর বাবার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠিয়েছেন এক ছেলে। গতকাল রোববার জহুরুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁর বাবা আবদুল জলিল শেখের বিরুদ্ধে এই নোটিশ পাঠান। কুষ্টিয়া জজকোর্টের আইনজীবী নজরুল ইসলামের মাধ্যমে পাঠানো ওই নোটিশের জবাব সাত দিনের মধ্যে না দিলে মামলা করবেন বলে জানিয়েছেন জহুরুল ইসলাম।নোটিশে অভিযোগ করা হয়েছে, কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকার বাসিন্দা আবদুল জলিল শেখ ১৯৬৮ বা ১৯৬৯ সালের মাঝামাঝি সময়ে তাঁর স্ত্রী ফাতেমা খাতুনকে নির্যাতনের পর গলা টিপে হত্যা করেন। পরে তাঁর মুখে বিষ ঢেলে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। ময়নাতদন্ত না করেই সে সময় ফাতেমাকে দাফন করা হয়। জহুরুল ইসলামের বয়স ছিল তখন নয় মাস। ফাতেমা খুন হওয়ার পর জলিল শেখ ফাতেমার বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেন এবং ছেলে জহুরুল ইসলামের কোনো খোঁজখবর নেননি। জহুরুলের বড় চাচা তাঁকে লালন-পালন করেন। জহুরুল ইসলাম বলেন, ‘আমি বড় হওয়ার পর জানতে পারি, আমার মায়ের রেখে যাওয়া অনেক স্বর্ণলংকার ও টাকার জন্যই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়।’