৪২ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
দেশ স্বাধীন হওয়ার ৪২ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘দুর্জয় বাংলার সৈনিক’ হিসেবে পরিচিত সিলেটের কবি তুষার কর। ১৯৭১ সালে তিনি দুর্জয় বাংলা নামে একটি পত্রিকা সম্পাদনা করে তা শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে বিলি করেছিলেন। এভাবে তখন তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি অন্যান্য মুক্তিযোদ্ধার সঙ্গে তুষার করের নামও তালিকায় অন্তর্ভুক্ত করে। গত বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছরের ২৪ মে প্রথম আলোর খোলা কলম পাতায় ‘দুর্জয় বাংলার সৈনিক’ শিরোনামে প্রকাশিত উপসম্পাদকীয়তে ওই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
কবি তুষার কর বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তরুণ ছিলাম। তখন প্রবল আগ্রহ নিয়ে দুর্জয় বাংলা পত্রিকাটি সম্পাদনা করেছিলাম। এতে রণাঙ্গনের খবর ছাপা হতো। রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে বেশ ভালো লাগছে।’ ‘চেতনা একাত্তর’-এর হবিগঞ্জের সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধা তুষারকে স্বীকৃতি দেওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। যাচাই-বাছাই শেষে বুধবার মন্ত্রণালয় তাঁর নাম তালিকাভুক্ত করে গেজেট আকারে প্রকাশ করেছে।’