৪২ বছর পর সংবর্ধনা পেলেন বীরাঙ্গনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪২ বছর পর নড়াইলের লোহাগড়া উপজেলায় বীরাঙ্গনা মর্জিনা বেগমকে (৫৯) সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বীরাঙ্গনা মর্জিনাকেও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় টাকা ও শাড়ি।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। অনুষ্ঠানে মর্জিনা বেগম বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে দেরিতে হলেও আমাকে স্মরণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’ লোহাগড়ার চরকালনা গ্রামে মধুমতী নদীর তীরে খাসজমিতে ছাপরাঘর তুলে মর্জিনা তাঁর মা আলেয়া বেগমকে (৮০) নিয়ে বসবাস করছেন।