৪২ বছর পর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-আন্দোলনে শহীদ আবদুুর রাজ্জাকের পরিবারকে ৪২ বছর পর গণসংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ১৯৬৯ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন আবদুুর রাজ্জাক। তিনি ছিলেন বৃহত্তর ফরিদপুর, যশোর, পাবনা ও কুষ্টিয়ার একমাত্র শহীদ। কুষ্টিয়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।গত সোমবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংবর্ধনার আয়োজন করে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আয়োজনে জেলার ২২টি সংগঠন আবদুুর রাজ্জাকের স্ত্রী জয়নব বিবি ও তাঁর একমাত্র মেয়ে দোলন বেগমকে সংবর্ধনা জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দীন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুুর রউফ, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রমুখ।কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে জয়নব বিবিকে একটি স্মারক ক্রেস্ট, নগদ ১০ হাজার টাকা ও একটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া জেলা পরিষদ নগদ ১০ হাজার টাকা, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি ও কুষ্টিয়া পৌরসভা নগদ পাঁচ হাজার টাকা করে দেয়। শহীদ আবদুর রাজ্জাকের একমাত্র মেয়ে দোলেন বেগম প্রথম আলোকে বলেন, ৪২ বছর পর কুষ্টিয়াবাসী মনে রেখে যে সংবর্ধনা দিচ্ছে, তাতে খুবই ভালো লাগছে। আবদুর রাজ্জাকের পরিবার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে বাস করে। তাঁর পরিবারকে নিয়ে গত ২২ সেপ্টেম্বর প্রথম অলোয় ‘স্বীকৃতির অপেক্ষায় ৪১ বছর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।