৪২ বছরের প্রতীক্ষার অবসান হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শহীদ সাংবাদিক খন্দকার আবু তালেবের মেয়ে সখিনা হেলাল। আজ মঙ্গলবার সকালে প্রথম আলো ডটকমকে দেওয়া সাক্ষাত্কারে সখিনা বলেন, কাদের মোল্লার ১৫ বছর কারাদণ্ডের রায় হওয়ায় তাঁরা খুব কষ্ট পেয়েছিলেন।

সখিনা হেলাল বলেন, ‘এই রায়ের জন্য ৪২ বছর ধরে আমরা অপেক্ষা করেছি। আমার বাবাকে হারানোর পর আমাদের জীবন শুধু বিপন্নই হয়নি, বলতে গেলে ধুঁকে ধুঁকে বেঁচে থেকেছি আমরা। বাবাকে হারানোর শোক সহ্য করতে না পেরে আমার মা পাগল হয়ে গিয়েছিলেন। বাবা বেঁচে আছেন, যেকোনো দিন ফিরে আসবেন—এই আশা তিনি বুকে বেঁধে রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। ১৯৯৪ সালে আমাদের মা রাবেয়া খাতুন মারা যান।’

কাদের মোল্লার নেতৃত্বে দৈনিক ইত্তেফাকের প্রধান প্রতিবেদক শহীদ খন্দকার আবু তালেবকে ১৯৭১ সালের ২৯ মার্চ তাঁর মিরপুর ১০ নম্বরের বাসা থেকে জল্লাদখানায় নিয়ে যায় বিহারিরা। খন্দকার আবু তালেবের মৃতদেহ পরে আর খুঁজেও পাওয়া যায়নি।