৪২ মাসে কাজ হয়েছে ২ শতাংশ
ঝিনাইদহ- চুয়াডাঙ্গা- মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ তিন বছরেও শেষ হয়নি৷ ঠিকাদারদের ঢিলেমি ও অর্থাভাবে সাড়ে তিন বছরে মাত্র দুই শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ িবভাগ (সওজ)৷
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চুক্তিবদ্ধ ঠিকাদারদের অযোগ্যতাকে দায়ী করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার৷
চুয়াডাঙ্গা সওজের নির্বাহী কার্যালয় জানায়, প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির মধ্যে রয়েছে৷ ১৮০ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৮২ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়েছে ২০১১ সালের ১ জানুয়ারি৷ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা৷
৮২ কিলোমিটারের মধ্যে চুয়াডাঙ্গায় পড়েছে ৩০ কিলোমিটার৷ এর মধ্যে মাত্র নয় কিলোমিটারের কাজ দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে৷ জেলার প্রবেশমুখ বদরগঞ্জ বাজার থেকে সরোজগঞ্জ বাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটারের কাজ পেয়েছে এসএস জয়েন্টভেঞ্চার৷ সরোজগঞ্জ থেকে ডিঙ্গেদাহ পর্যন্ত বাকি সাড়ে চার কিলোমিটারের কাজ পেয়েছে মেসার্স শাহানা কনস্ট্রাকশন৷ ২০১২ সালের ১০ জানুয়ারি দেওয়া কার্যাদেশ অনুযায়ী এক বছর সময়ের মধ্যে অর্থাৎ ২০১৩ সালের ৯ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদাররা অর্ধেক কাজও করতে পারেনি৷ এ ছাড়া ডিঙ্গেদাহ থেকে কুলপালা পর্যন্ত বাকি ২১ কিলোমিটার কাজের কোনো দরপত্রই আহ্বান করা হয়নি৷
শাহানা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জোয়ার্দার চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি৷ এসএস জয়েন্টভেঞ্চারের অংশীদার সাইফুল হাসান জোয়ার্দার আওয়ামী লীগ-সমর্থক প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত৷
সরেজমিনে দেখা গেছে, এসএস জয়েন্টভেঞ্চার মাত্র দেড় কিলোমিটার সড়কে খনন করে পাথর, ইটের খোয়া ও বালু মিশিয়ে রেখে িদয়েছে৷ ৫০০ মিটার অংশে কাজ চলছে৷ শাহানা কনস্ট্রাকশন এক বছরেরও বেশি সময় আগে থেকে সাড়ে চার কিলোমিটারে ইটের খোয়া ও বালু ভরাট করে ফেলে রেখে দিয়েছে৷
সাইফুল হাসান জোয়ার্দার বলেন, সওজ থেকে সেভাবে অর্থ প্রবাহ না থাকায় কাজের গতি পাচ্ছে না৷
সওজের চুয়াডাঙ্গার উপবিভাগীয় প্রকৌশলী সজীব আহমেদ বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে গোটা প্রকল্পের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ আসে৷ কিন্তু কাজের ধীরগতি দেখে মার্চ মাসে ১০ কোটি টাকা কর্তৃপক্ষ ফিরিয়ে নিয়েছে৷ অবশিষ্ট ১০ কোটি টাকার মধ্যে মেহেরপুরে চার কোটি ২৫ লাখ, ঝিনাইদহে দুই কোটি ও বাকি তিন কোটি ৭৫ লাখ টাকা চুয়াডাঙ্গার ভাগে পড়েছে৷
সজীব আহমেদ বলেন, ‘যথাসময়ে বরাদ্দ না আসায় ঠিকাদাররা যেমন আমাদের প্রতি আস্থা রাখতে পারছেন না তেমনি ঠিকাদারদের কাজের ধীরগতি দেখে আমরাও তাঁদের বিশ্বাস করতে পারছি না৷’