ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে দিনাজপুরে দুটি উপজেলার সাতটি ইউনিয়নে ও দ্বিতীয় ধাপে পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নে নির্বাচনে হবে। ওই ৪২টি ইউনিয়নে আওয়ামী লীগের ২৯ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই সাত উপজেলায় বিএনপির মাত্র ছয়জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে তিন ইউনিয়নে বিএনপি কোনো প্রার্থী দিতে পারেনি।
এদিকে এসব ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ছয়জন ও বিদ্রোহী তিনজন প্রার্থীর বিরুদ্ধে হত্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মারধরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির মনোনীত ছয়জন ও জামায়াতের চারজন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে।
দিনাজপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাটের চারটি ইউনিয়নে ও হাকিমপুরে তিনটি ইউনিয়নে প্রথম ধাপে ২২ মার্চ নির্বাচন হবে। বিরামপুরের সাতটি, নবাবগঞ্জের নয়টি, ফুলবাড়ীর সাতটি, বোচাগঞ্জের ছয়টি ও কাহারোলে ছয়টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ৩১ মার্চ নির্বাচন হবে।
আওয়ামী লীগে ঘোড়াঘাটে চারজন, হাকিমপুরে দুজন, বিরামপুরে নয়জন, নবাবগঞ্জে চারজন, ফুলবাড়ীতে চারজন ও কাহারোলে ছয়জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপির ঘোড়াঘাটে একজন, হাকিমপুরে একজন, নবাবগঞ্জে একজন, ফুলবাড়ীতে একজন ও কাহারোলে দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ ছাড়া বিএনপি বিরামপুরের দুটি ও ঘোড়াঘাটের একটি ইউনিয়নে কোনো প্রার্থী দিতে পারেনি।
জামায়াতের প্রার্থী ঘোড়াঘাটের তিনটি, হাকিমপুরের একটি, নবাবগঞ্জের চারটি, ফুলবাড়ীর একটি, বোচাগঞ্জের একটি ও কাহারোলের একটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির প্রার্থী ঘোড়াঘাটের চারটি, হাকিমপুরে একটি ও বোচাগঞ্জে একটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি ও জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘোড়াঘাটের বুলাকিপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মাহফুজুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা, পালশা ইউনিয়নের জামায়াতের প্রার্থী আজিজার রহমানের বিরুদ্ধে ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়াসহ সাতটি, সিঙড়া ইউনিয়নের জামায়াতের প্রার্থী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যাসহ সাতটি ও বিরামপুরের জোতবানী ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান আলী মন্ডলের বিরুদ্ধে হত্যা মামলা।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মধ্যে নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নে জিয়াউর রহমানের বিরুদ্ধে ইউএনওকে মারধর, ভাদুরিয়া ইউনিয়নের বাবুল আহসানুল কবিরের বিরুদ্ধে গাছ কাটা, বিরামপুরে মুকুন্দপুর ইউনিয়নে আবদুল লতিফের বিরুদ্ধে দুদকের মামলা, খানপুর ইউনিয়নে মশিউর রহমানের বিরুদ্ধে বনের গাছ কাটা, হাকিমপুরের আলীহাট ইউনিয়নে গোলাম রসুলের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিরামপুরে দুটি ইউনিয়নে বিএনপি সরকারের ভয়ে নির্বাচনে অংশ নেয়নি। ঘোড়াঘাটে পালশা ইউনিয়নে জামায়াতের সঙ্গে সমন্বয় হয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহ্ বলেন, প্রতীকের ভোট হওয়ায় বিদ্রোহী প্রার্থীদের কারণে মূল প্রার্থীদের নির্বাচিত হতে সমস্যা হবে না।