
যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই পাটগ্রামের বাউরায় সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ মোতাহার হোসেনের নির্বাচনী সভাস্থলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে। হামলার সময় নির্বাচনী সভামঞ্চ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অন্তত ৪২টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনার সময় মোতাহার হোসেন সভাস্থলে ছিলেন না। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোতাহার হোসেনের নিজ উপজেলা হাতীবান্ধা থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে দুই শতাধিক নেতা-কর্মী পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে যান। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতা-কর্মীরা বাউরা পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে নির্বাচনী সভাস্থলে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি-জামায়াত একজোট হয়ে সেখানে গিয়ে হামলা চালায়। এ সময় তারা কমপক্ষে ৪২টি মোটরসাইকেল এবং নির্বাচনী মঞ্চ পুড়িয়ে দেয়। অবরোধকারীদের সঙ্গে স্থানীয়রাও হামলায় যোগ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত হাতীবান্ধার বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সফিকুল ইসলামকে (৪৫) হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মোতাহার হোসেন জোংরা ইউনিয়নের সরকারের হাট এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষ করে সভাস্থলের দিকে রওনা দেওয়ার পর হামলার খবর জানতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কযেকজন নেতা বলেন, বিএনপি-জামায়াতের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। পাটগ্রাম জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ দাবি করেন, এ ঘটনায় জামায়াত-শিবিরের কোনো কর্মী জড়িত নয়। তাঁদের অনেকের নামে অনেক মামলা থাকায় তাঁরা বর্তমানে এলাকা ছাড়া।