৪২টি রেলস্টেশন বন্ধ হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র জনবল-সংকটে পড়েছে পাকশী রেল বিভাগ। শুধু জনবল-সংকটের কারণে পাকশী রেল বিভাগে গত এক বছরে ৪২টি ছোট-বড় স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ৯ নভেম্বর থেকে চুক্তিভিত্তিক ১৬ জন স্টেশনমাস্টারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।জনবল-সংকটের কারণে আরও বেশ কিছু স্টেশন বন্ধের তালিকায় রয়েছে। একই কারণে সময়মতো ট্রেন চালাতে পারছেন না চালকেরা। ট্রেনের সময়সূচিও সমন্বয় করা যাচ্ছে না। এক স্টেশন থেকে আরেক স্টেশনের দূরত্ব বেড়ে যাওয়ায় ট্রেন ক্রসিং দিতে সমস্যা হচ্ছে। রেল কার্যালয় সূত্রে জানা যায়, পাকশী রেল বিভাগে মোট ৩১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে স্টেশনমাস্টারের পদে তীব্র জনবল-সংকট রয়েছে। এই বিভাগে স্টেশনমাস্টারের পদ রয়েছে ৩৬২টি। কর্মরত আছেন ২১৬ জন, আর শূন্য রয়েছে ১৪৬টি পদ। পয়েন্টসম্যানের পদ রয়েছে ৪৬৩টি। কর্মরত আছেন ৩৬৫ জন, শূন্য ৯৮টি। এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক পোর্টার, পিটিংস কর্মচারী ও বুকিং সহকারী নেই।শুধু স্টেশনমাস্টারের সংকটের কারণে ট্রেন চালাতে রেল কর্মকর্তা-কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে যেসব স্টেশনে জনবলের সংকট রয়েছে, সেখানে মাত্র দুজনকে দিয়ে স্টেশন পরিচালনা করা হচ্ছে। যাঁদের ৮ ঘণ্টা কাজ করার কথা, তাঁদের কখনো কখনো ১২ থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হচ্ছে। রেলওয়ে সূত্রে আরও জানা যায়, সবচেয়ে বেশি বন্ধ করা হয়েছে খুলনা-পার্বতীপুর লাইনের স্টেশন। ৯ নভেম্বর সর্বশেষ চারটি স্টেশন শুধু মাস্টার-সংকটের কারণে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রানীনগর, বাসুদেবপুর, মেহেরুল্লানগর ও আনসারবাড়িয়া রেলস্টেশন।পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা বলেন, ৯ নভেম্বর থেকে চুক্তিভিত্তিক ১৬ জন স্টেশনমাস্টারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাঁরা আর কাজে আসছেন না। ফলে সংকট আরও তীব্র হয়েছে। মাস্টারসহ বেশ কিছু পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।