৪২টি শ্রমিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নাশকতা ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এবং শান্তিপূর্ণ কাজের পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গতকাল বুধবার জয়পুরহাট শহরে কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে জেলার ৪২টি শ্রমিক সংগঠন।
জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় সকাল ১০টার দিকে শ্রমিকেরা কাজে বিরতি দিয়ে সমাবেশে উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তব্য দেন উত্তরবঙ্গ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুল হাফিজ ও দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সালেহা বেগম। এ ছাড়া জেলা কাঠমিস্ত্রী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, পণ্য পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল হোসেন, রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল বারী, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে এ পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে এনে তাঁদের কাজের সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তার দাবি জানান। সমাবেশ শেষে শহরের প্রধান রাস্তা থেকে একটি শোভাযাত্রা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জেলার ৪২টি শ্রমিক সংগঠন এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।