৪২৭টি গাছ বিক্রি, কাটা হচ্ছে সহস্রাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর-ভবানীপুর রেলপথের দুই পাশে লাগানো রেলওয়ে ও সামাজিক বনায়নের ৪২৭টি গাছ বিক্রির নামে সহস্রাধিক গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মধ্যপাড়া বন বিভাগ এ কাজে সহায়তা করেছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
পার্বতীপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, পার্বতীপুর-ভবানীপুর রেলপথে সামাজিক বনায়ন করার আগে থেকে রেলওয়ের দুই শতাধিক গাছ লাগানো ছিল। রেল কর্তৃপক্ষকে না জানিয়েই বন বিভাগের ঠিকাদার ওই সব পুরোনো গাছসহ সহস্রাধিক গাছ কেটে নিচ্ছে। গাছের সংখ্যা নির্ধারণ করতেও রেল বিভাগের কোনো কর্মকর্তাকে সঙ্গে নেয়নি বন বিভাগ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর বন বিভাগের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা শিকদার মাহফুজুল বারী গত বুধবার বলেন, সহস্রাধিক নয়, ৭১৫টি গাছ কাটা হয়েছে। এর আগে গাছগুলো ২০১০ সালে দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। দিনাজপুরের এরশাদ ও লিটন নামে দুজন ঠিকাদার দুই লাখ ৬০ হাজার টাকায় গাছগুলো কেনেন। পরে তাঁরা গাছগুলো না কাটায় তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়। এরপর বেশ কিছু শিশুগাছ মরে যায়। গত এপ্রিল মাসে দরপত্রের মাধ্যমে এক লাখ নয় হাজার টাকায় ৪২৭টি গাছ আইয়ুব আলী নামে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, গাছ কাটার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে না জানালেও ইউএনওকে জানানো হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুরের ইউএনও রাহেনুল ইসলাম বলেন, ‘৪২৭টি গাছ কাটা হবে বলে বন বিভাগ আমাকে জানিয়েছে। তবে রেলওয়ের গাছের বিষয়ে আমি কিছুই জানি না।’
রেলওয়ে সূত্র জানায়, দিনাজপুর বন বিভাগ ২০০২ সালে পার্বতীপুর-ভবানীপুর রেলপথের ছয় কিলোমিটার এলাকাজুড়ে সামাজিক বনায়নের অংশ হিসেবে কিছু গাছ লাগায়। এসব গাছ লাগানোর আগে ওই পথে রেলওয়ের দুই শতাধিক পুরোনো গাছ ছিল। গাছের ঘনত্ব বুঝে পুরোনো গাছগুলোর ফাঁকে ফাঁকে নতুন করে গাছ লাগায় বন বিভাগ। সব মিলিয়ে ওই রেলপথে গাছের সংখ্যা দাঁড়ায় সহস্রাধিক। দিনাজপুর বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জ দরপত্রের মাধ্যমে ৭১৫টি গাছ ব্যবসায়ী আইয়ুব আলীর কাছে মাত্র এক লাখ নয় হাজার টাকায় বিক্রি করেছে। এর ফলে ১২ বছর বয়সী প্রতিটি গাছের গড় মূল্য পড়েছে মাত্র ১৫২ টাকা।
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, ‘দরপত্রে যাই থাকুক, বাস্তবে সহস্রাধিক গাছ কাটা হয়েছে। আমি নিজে কাটা গাছের গোড়া গুনে দেখেছি। প্রতিটি গাছের দাম ৩০০ থেকে ৫০০ টাকা হবে।’
দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আলী কবীর বলেন, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে অংশীদারের ভিত্তিতে বন বিভাগ পঞ্চগড় থেকে হিলি রেল স্টেশন পর্যন্ত ওই সব গাছ লাগিয়েছিল। রেলওয়ের ডুয়েল গেজ লাইন বসানোর প্রয়োজনে ২০১০ সালে গাছগুলো দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গাছগুলো না কাটায় দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারের জামানত বাজেয়াপ্ত করা হয়।
আলী কবীর প্রথম আলোকে বলেন, পরে আবার দরপত্র আহ্বান করে ঠিকাদার আইয়ুব আলীর কাছে গাছগুলো বিক্রি করা হয়। ঠিকাদার ওই সব গাছ কেটে নিচ্ছেন।