৪৩ কিলোমিটারের দুর্ভোগ গেল না, সংস্কার করা অংশেও গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দেবে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট–বড় গর্তের। টেকনাফ–কক্সবাজার সড়কে গাড়ি চলে ঝুঁকি নিয়ে। ছবিটি রঙ্গিখালী এলাকা থেকে তোলা l প্রথম আলো
সড়ক দেবে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট–বড় গর্তের। টেকনাফ–কক্সবাজার সড়কে গাড়ি চলে ঝুঁকি নিয়ে। ছবিটি রঙ্গিখালী এলাকা থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজার-টেকনাফ সড়কের ৪৩ কিলোমিটারের দুর্ভোগ গেল না। খানাখন্দে ভরা ওই অংশের সংস্কারকাজের দরপত্রের কার্যাদেশের মেয়াদ শেষ হয়েছে গত বছরের মে মাসে। অথচ এখনো চলছে সংস্কারকাজ। এ পর্যন্ত মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটারে কাজ হয়েছে। তাও নামেমাত্র। ইতিমধ্যে সংস্কার করা অংশেই সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।
৯১ কিলোমিটারের সড়কটিতে এখন যানবাহন চলছে ঝঁুকি নিয়ে । দুই ঘণ্টার পথ যেতে সময় লাগছে সাড়ে তিন ঘণ্টা। দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের উখিয়া উপজেলার কোর্টবাজার, বালুখালী, পালংখালী, টেকনাফ উপজেলার উলুবনিয়া, থায়ংখালী, টেকনাফ পানবাজার, পুরাতন বাস স্টেশন, নাইট্যংপাড়া, কেরুনতলি, বরইতলি, দমদমিয়া, হ্নীলা বাস স্টেশন, মৌলভীবাজার, নয়াপাড়া, মিনাবাজার, কাঞ্জরপাড়া ও হোয়াইক্যংয়ে অসংখ্য ছোট-বড় গর্ত। কিছু স্থানে গর্ত বড় হওয়ায় আটকে যাচ্ছে গাড়ি।
সড়কে চলাচলকারী ‘লালবোর্ড’ পরিবহনের একটি চেয়ারকোচের চালক সাইফুল আলম জানান, সড়কজুড়ে গর্তে ভরা। ফলে গাড়ির গতি মন্থর হয়ে যায়। কক্সবাজার লিংক রোড থেকে টেকনাফ পেঁৗছাতে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে। তা ছাড়া গর্তে আটকে যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে।
কক্সবাজার বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপক রণজিত দাশ জানান, এই সড়কে প্রতিদিন চার শতাধিক যাত্রীবাহী চেয়ারকোচ ছাড়াও আরও হাজার খানেক মাইক্রোবাস, অটোরিকশা, ট্রাক ও পিকআপ চলাচল করে। সড়কের বেহাল অবস্থার কারণে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি পরিবহন মালিকেরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে। সড়ক সংস্কারের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম দুনীর্তির কারণে সড়কের বেহাল দশা যাচ্ছেন।
কক্সবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম জানান, এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গত মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, টেকনাফ শহরের জিরো পয়েন্ট থেকে উখিয়া উপজেলার থায়ংখালী পর্যন্ত ৪৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৩ সালে মার্চ মাসে প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। একই বছরের ১৬ মে ঢাকার প্রজেক্ট বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু কার্যাদেশের সময়সীমা শেষ হলেও ওই প্রতিষ্ঠানটি ১৮ দশমিক ৫ কিলোমিটার কাজ করেছে। এসব কাজও ঠিকমতো হয়নি। সংস্কার করা অংশেই ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের উলুবনিয়া, কেরুনতলি ও কাটাখালী এলাকায় অসংখ্য বড় বড় গর্ত দেখা গেছে। ফলে টেকনাফ স্থল বন্দরে মিয়ানমার থেকে আনা মাছ, কাঠ, মসলা, আদা, মরিচ, হলুদসহ বিভিন্ন পণ্য পরিবহনে সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ছৈয়দ নুর বলেন, সদ্য সংস্কার করা সড়কের বিভিন্ন অংশে প্রায় দুই শতাধিক স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে পিচঢালাইসহ ইটের খোয়াও উঠে গেছে। এ ব্যাপারে সড়ক বিভাগের তদারকি নেই। তাড়াহুড়ো করে সড়ক সংস্কার করতে গিয়ে আরও দুরবস্থার কবলে পড়েছে টেকনাফ-কক্সবাজার সড়ক।
এ সড়কে চলাচলকারী সেন্ট মার্টিন পরিবহনের চালক মো. বিল্লাল হোসেন জানান, টেকনাফ অংশের ৪৫ কিলোমিটার সড়কজুড়ে শুধু ঢেউ আর ঢেউ। এজন্য ঠিকমত গাড়ি চালানো যাচ্ছে না। দ্রুততম সময়ে এসব গর্ত মেরামত করা না হলে আসন্ন বর্ষায় সড়ক দুর্ঘটনা আরও বাড়বে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এইচএম ইউনুচ বলেন, শুরু থেকে সড়ক নির্মাণে পুকুর চুরি হলেও সংশ্লিষ্ট দপ্তর নীরব ভূমিকা পালন করে আসছে। এজন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
জানতে চাইলে সওজ টেকনাফ অঞ্চলের সহকারী প্রকৌশলী আবদুর রশীদ জানান, ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের এই দশা যাচ্ছে। কার্যাদেশ পাওয়ার পর ঠিকারদার ঠিকমত কাজ করলে এই দশা হতো না। এখন সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দ ইট-বালু দিয়ে ভরাটের কাজ চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক বিভাগের এক প্রকৌশলী জানান, নানা চেষ্টা করেও এই সড়কের কাজ শেষ করা যাচ্ছে না। গত বছরের বর্ষায় কাজ করা সম্ভব হয়নি-এই অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এখন আরও ছয় মাস সময় চেয়ে আবেদন করেছে। ১৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শেষ হয়েছে দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রায় ছয় কোটি টাকা তুলে নিলেও কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নয় সড়ক বিভাগ। ফলে সড়কের সংস্কার করা অংশও খানাখন্দে ভরে যাচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডে সহব্যবস্থাপক আল আমিন জানান, হরতাল অবরোধ আর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সড়কের নির্মাণকাজ যথাসময়ে শেষ করা যাচ্ছে না। এজন্য আরও কয়েক মাস অতিরিক্ত সময় প্রয়োজন। কাজে অনিয়মের অভিযোগ সত্য নয় দাবি করে আল আমিন বলেন, দ্রুততম সময়ে অবশিষ্ট কাজ শেষ করা হবে।