৪৩ কূটনীতিকের স্মৃতিচারণা বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাবেক কূটনীতিকদের ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণামূলক সংকলন সার্ভিং দ্য নেশন: রিফ্লেকশনস অব বাংলাদেশ ডিপ্লোম্যাটস-এ দেশের সূচনাপর্বের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের পরিক্রমা ফুটে উঠেছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংকলনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। বিইআই ও একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি যৌথভাবে সংকলনটি প্রকাশ করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সঞ্চালক ও বিইআইর সভাপতি ফারুক সোবহান বলেন, ১০ বছর আগে সংকলনটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। বইয়ে বাংলাদেশের সাবেক ৪৩ জন কূটনীতিকের স্মৃতিচারণা রয়েছে। এঁদের মধ্যে ১১ জন দেশের পররাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন।
প্রখ্যাত অর্থনীতিদ অধ্যাপক রেহমান সোবহান তাঁর বক্তৃতায় ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠন হওয়ার আগে ঘটনাচক্রে তাঁর বাংলাদেশের প্রথম কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালে বাঙালি কূটনীতিকেরা শুধু বাংলাদেশের জন্য সাহায্য সংগ্রহ করেননি, তাঁরা পাকিস্তানি সৈন্যদের গণহত্যার প্রতিবাদ করেছিলেন এবং বাংলাদেশের স্বীকৃতির জন্য কাজ করেছিলেন।
রেহমান সোবহান বলেন, আগরতলায় বাংলাদেশিরা কোথায় আছেন তা জানতে ১৯৭১ সালের ৩১ মার্চ সকাল সাতটায় আনিসুর রহমান ও মোস্তফা মনোয়ারকে সঙ্গে নিয়ে আগরতলায় কর্মরত তরুণ পাঞ্জাবি জেলা ম্যাজিস্ট্রেটের বাসায় যান। অসহায় জেলা ম্যাজিস্ট্রেট যিনি মাত্র এক মাস আগে আগরতলায় পদায়ন হয়েছিলেন। ম্যাজিস্ট্রেট জানান, সেই রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন এবং তাঁর সঙ্গে কয়েকজন বাঙালি যাবেন। রেহমান সোবহান চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম আর সিদ্দিকি, সিরাজুল হক [বর্তমান আইনমন্ত্রীর বাবা] ও তাহেরউদ্দিন ঠাকুরকে সঙ্গে নিয়ে দিল্লি যান। আনিসুর রহমান ও তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মুখ্য সচিব পিএন হাকসারের সঙ্গে এপ্রিল মাসে দেখা করে তাঁকে বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে জানান।
সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, পরদিন মুক্তিযুদ্ধে বাংলাদেশের নেৃতত্বদানকারীদের অন্যতম ও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও তাঁর অন্যতম সঙ্গী আমীর-উল ইসলামসহ মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সহায়তা কামনা করেন।
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, বইটিতে কয়েকজন যেমন তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন, আবার বেশ কয়েকজন কূটনীতিক হিসেবে ইতিহাসের বেশ কিছু চমকপ্রদ ঘটনার সাক্ষ্যও দিয়েছেন। তবে কূটনীতিক হিসেবে তাঁরা যা লিখেছেন, বাস্তবে তার চেয়ে বেশি দেখার সুযোগ তাঁদের হয়েছে।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্রসচিব মোহাম্মদ মহসিন ও ফারুক চৌধুরী।