৪৩ কোটি টাকা ফেরতের দাবি বিনিয়োগকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে (ইউসিএল) একটি সমবায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করা ৪৩ কোটি টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন প্রতারণার শিকার হওয়া লোকজন। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারিত ব্যক্তিদের সংগঠন—আমানতকারী পরিষদ দাবি করেছে, ইউসিএল কর্তৃপক্ষ প্রতারণার মাধ্যমে তাদের ৪৩ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে।সংবাদ সম্মেলনে ইউনিভার্সাল আমানতকারী পরিষদের আহ্বায়ক আ ফ ম নুরুল আলম বলেন, ইউসিএল নগরের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগ করে এক লাখ টাকায় দুই হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে। এরপর বিভিন্ন পেশার মানুষ সারা জীবনের জমানো টাকা বিনিয়োগ করে ইউসিএলে। ২০০৫ সালে ইউসিএল যাত্রা শুরু করে। পাঁচ থেকে ১০ লাখ টাকা করে এক হাজার ৭৫৫ জন আমানতকারী ৪৩ কোটি টাকা বিনিয়োগ করেন। আমানতকারীরা কয়েক বছর ধরে নির্ধারিত হারে মুনাফা পেলেও এক বছর ধরে তা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল কাইয়ুমসহ ১২ ব্যক্তি আমানতকারীদের ৪৩ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে গত বছরের ডিসেম্বরে শান্তিনগরে ইউসিএলে তালা মেরে পালিয়েছেন। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে মতিঝিল থানায় অনেকবার সাধারণ ডায়েরি (জিডি) এবং মামলা করা হলেও ওই প্রতারকদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই।নুরুল আলম আরও বলেন, সব হারিয়ে আমানতকারীরা এখন দিশেহারা। এ পর্যন্ত তিনজনের অকালমৃত্যু হয়েছে। আমানতকারী পরিষদের সদস্য ওবায়দুল্লাহ আল মামুন বলেন, ইউসিএলের মতো নিবন্ধন করা আরও বহু সমবায় প্রতিষ্ঠানে মানুষ টাকা বিনিয়োগ করে সফল লেনদেন করে আসছেন। বৈধ প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে প্রতারিত হলে তাঁরা যাবেন কোথায়। এ ব্যাপারে আগারগাঁওয়ের ঢাকা জেলা সমবায় অফিসে ইউসিএলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। প্রতারণার শিকার মাসুদা পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর স্বামীর সারা জীবনের আয়ের ১৭ লাখ টাকা তিনি ইউসিএলে বিনিয়োগ করেছিলেন। টাকার শোকে গত ফেব্রুয়ারিতে তাঁর স্বামী (মোস্তাফিজুর রহমান) স্ট্রোক করে মারা গেছেন। তিনি সন্তানদের নিয়ে এখন মানবেতর দিন পার করছেন। বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মচারী আবুল কাশেমের পেনশনের নয় লাখ টাকা তিনি ইউসিএলে বিনিয়োগ করেছিলেন। টাকা ফেরত না পেয়ে তিনি স্ত্রী-সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে রাত কাটাচ্ছেন। গতকাল বক্তব্য নেওয়ার জন্য ইউসিএলের ব্যবস্থাপনা পরিচালক জহিরুলের কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করলে তার দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আমানতকারীরা তাঁদের মুনাফা চান না। তাঁরা মূলধন ফেরত পেতে সরকারের কাছে আকুতি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমানতকারী পরিষদের সদস্যসচিব গিয়াসউদ্দিন, সদস্য আবদুল মজিদ সরকার, সদস্য আবুল কাশেম প্রমুখ।