সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারী নিহত হওয়ার ঘটনায় ৪৩ জনকে আসামি করে গত বুধবার রাতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত পুলিশের শতাধিক সদস্য পৃথকভাবে হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া, কাঁঠালতলী, বাটানা পাহাড়, পুঁইছড়ি, শাপলাপুর, ষাইটমারা, জেমঘাট, কালারমারছড়ার ঝাপুয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মোতালেব (২৬), মো. রুবেল (২৪) ও মো. হাসেম (৩৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাটানা পাহাড়ের পাশে একটি পানের বরজ থেকে পরেশকে গুলি করে হত্যার ঘটনায় ব্যবহূত একটি একনলা দেশে তৈরি বন্দুক ও একটি দেশে তৈরি এলজি এবং দুটি গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।মহেশখালী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া গতকাল বলেন, এসআই হত্যার ঘটনায় সন্ত্রাসীগোষ্ঠী জোনাব আলী গ্রুপের প্রধান জোনাব আলীসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।বুধবার সকালে একটি হত্যা মামলার তদন্ত ও আসামি ধরতে উপজেলার কাঁঠালতলী পাহাড়ি এলাকায় যান এসআই পরেশ। সঙ্গে ছিলেন চারজন কনস্টেবল ও আনসারের দুজন সদস্য। তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পরেশ নিহত হন।