সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদের জন্য দুই পরিবারের মধ্যে ৪৩ বছর ধরে চলে আসছে ভোটের লড়াই। তবে এবার উভয় পরিবারেই একাধিক প্রার্থী থাকায় ভোটযুদ্ধ নতুন মোড় নিয়েছে।
এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাদাঘাট ইউপিতে ১৯৭৩ সাল থেকে সোহালা গ্রামের মো. জয়নাল আবেদীন ও মোদেরগাঁও গ্রামের মো. জালাল উদ্দিনের পরিবারের মধ্যে ভোটযুদ্ধ চলে আসছে। ওই বছর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জালাল উদ্দিন এবং জয়নাল আবেদীনের ভাই আলাউদ্দিন। জয়ী হন আলাউদ্দিন। এরপর জয়নাল আবেদীন (বর্তমানে প্রয়াত) তিনবার ও তাঁর ছেলে মো. রাকাব উদ্দিন একবার চেয়ারম্যান হয়েছেন। অন্যদিকে জালাল উদ্দিন চেয়ারম্যান হয়েছেন দুবার। সর্বশেষ নির্বাচনে তাঁর ভাতিজা নিজাম উদ্দিন জয়ী হন।
এবার চেয়ারম্যান পদে প্রার্থী মোট ছয়জন। এর মধ্যে চারজনই ওই দুই পরিবারের। এ ছাড়া জাতীয় পার্টির একজন ও আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী। তিনি জালাল উদ্দিনের আপন ভাতিজা। আবার জালাল উদ্দিনের ছেলে মুর্শেদ আলম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন। অন্যদিকে জয়নাল আবেদীনের ছেলে মো. আপ্তাব উদ্দিনও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিএনপির প্রার্থী হয়েছেন জয়নালের আপন ভাতিজা মোহাম্মদ আবু সায়েম (সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে)।
শুধু ভোট নয়, এলাকার ব্যবসা, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডেও এই দুই পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। জয়নাল আবেদীন একসময় এলাকার হাওরগুলো নিয়ন্ত্রণ করতেন। দীর্ঘদিন ছিলেন টাঙ্গুয়ার হাওরের ইজারাদার।
ইউপির ঘাঘটিয়া গ্রামের হাবিবুর রহমান (৪২) বলেন, ‘এলাকায় দুই পরিবারের প্রভাব আছে, আছে নিজস্ব ভোটব্যাংক। তবে এবার দুই পরিবারে একাধিক প্রার্থী থাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।’
প্রার্থী নিজাম উদ্দিন বলেন, ‘এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। মানুষ উন্নয়ন চায়। উন্নয়নের স্বার্থেই তাঁরা আমাকে আবার নির্বাচিত করবেন।’
তবে দলটির বিদ্রোহী প্রার্থী মুর্শেদ আলম বলেন, বিগত পাঁচ বছর এখানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নানাভাবে নির্যাতিত হয়েছেন। তাঁরা ব্যালটের মাধ্যমে এবার জবাব দেবেন।
আরেক বিদ্রোহী প্রার্থী আপ্তাব উদ্দিন বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ করেছেন। এখানে দলীয় প্রতীক বিষয় নয়। পারিবারিক ঐতিহ্য কাজে লাগিয়ে আমি নিজের যোগ্যতায় নির্বাচনে জয়ী হব।’
বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘আওয়ামী লীগের তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির আমি একা। ষড়যন্ত্র না হলে এখানে ধানের শীষ জয়ী হবে।’
ভোটাররা বলছেন, দ্বন্দ্ব-সংঘাত যা-ই থাকুক, অতীতের মতো এবারও এই দুই পরিবারের প্রার্থীদের একজনই চেয়ারম্যান হবেন। বাদাঘাট বাজারের ব্যবসায়ী আখলুছ মিয়া (৬২) বলেন, ‘সংগ্রামের পর থাকি দেখলাম, ইকানো দুই ঘরের ভোটের লড়াই। আগে আছলা জয়নাল আর জালাল। অখন তাঁরার ছেলেরা মাঠও। ইবারও শেষমেশ তো তাঁরার একজনই চেয়ারম্যান অইবা।’