৪৩ বছর পর জিসি দেবের জমি পুনরুদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে উইল করে যাওয়া শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোবিন্দচন্দ্র (জিসি) দেবের সম্পত্তি থেকে দীর্ঘ ৪৩ বছর পর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে৷
আদালতের রায় পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ১৬ কাঠা জমিতে অবস্থিত ‘হাক্কানী খানকাহ্ শরিফ’ উচ্ছেদ করে তা দখলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের নেতৃত্বে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলে৷ এ সময় ওই জমিতে অবস্থিত দুটি দোকান, খানকাহ্ শরিফের গেট, মূল মাজার, মাজারসংলগ্ন দুই কক্ষের একটি বাসা, টয়লেটসহ আরও বেশ কিছু স্থাপনা ভাঙা হয়৷
খানকাহ্ শরিফের খাদেম রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিন মাস পরে জায়গা খালি করে দিতে আদালতের নির্দেশ ছিল৷ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে কিছু না জানিয়ে জিনিসপত্র তছনছ করে দিয়েছে৷
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরও তাঁদের অন্যের জমিতে থাকার অবৈধ আগ্রহ না যাওয়ায় উচ্ছেদ করতে বাধ্য হয়েছি৷’