৪৩ বছর পর শহীদ ছেলের কবরে মা

‘আতাহার আলী, বাপ আমার। আমি তোর মা আইছিরে বাপ, আমি তোর মা। ওঠ বাপ, আমারে মা বইলা ডাক।’ মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর শহীদসন্তানের কবরের পাশে দাঁড়িয়ে এমন আকুতি ৯০ বছর বয়সী মা বেলেজান নেছার। কিন্তু ছেলের যে সাড়া নেই। মা আঁচলে চোখ মুছেন। একসময় মা শান্ত হন। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেখেন ছেলের কবরের নামফলক। এরপর আবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে এমন হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা শহীদ সমাধিতে। এখানে শায়িত আছেন ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধা। এই মা তাঁর শহীদসন্তানের সমাধির খোঁজ পেয়েছেন মুক্তিযুদ্ধের ৪১ বছর পর ২০১২ সালে। আর ৪৩ বছর পর পরিবারের অন্যদের নিয়ে শহীদসন্তানের কবর জিয়ারত করলেন গতকাল। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিরাহিমপুর গ্রাম থেকে তাঁরা ছুটে আসেন সুনামগঞ্জে।
বেলেজান নেছার বড় ছেলে বাগেরহাট পুলিশ লাইনের পরিদর্শক আলী আসগর জানান, মায়ের সঙ্গে তাঁরা তিন ভাই, দুই ভাইয়ের স্ত্রী এবং তাঁদের তিন সন্তান এসেছেন। বৃহস্পতিবার সকাল আটটায় রাজবাড়ী থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন। রাতে সিলেটে ছিলেন। তিনি আরও জানান, তাঁরা সাত ভাই। আতাহার ছিলেন দ্বিতীয়। ১৯৭১ সালে ছিলেন ময়মনসিংহে। কাউকে না জানিয়ে যুদ্ধে চলে যান। একসময় দেশ স্বাধীন হয়। কিন্তু আতাহার আর ফেরেননি। ছয় মাস পর সেক্টর কমান্ডার সি আর দত্তের লেখা একটি চিঠি পান তাঁরা। জানতে পারেন, আতাহার সিলেট অঞ্চলে যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন। কিন্তু কোথায় তিনি শহীদ হন, তাঁর সমাধি কোথায়, তা জানা যায়নি।
আলী আসগর জানান, ২০১২ সালের মার্চ মাসে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে সিলেটের মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঙ্গে দেখা হয় তাঁর। ভাইয়ের প্রসঙ্গ তুলতেই আবু তাহের জানান, এবারের বইমেলায় মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর লেখা রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ নামে একটি বই প্রকাশিত হয়েছে। আতাহার যদি সুনামগঞ্জে শহীদ হন তাহলে বইয়ে তাঁর নাম থাকতে পারে। এরপর বইটি সংগ্রহ করে সুনামগঞ্জ জেলার বাইরের শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় আতাহার আলীর নাম পান তিনি। বিষয়টি নিশ্চিত হয়ে মাকে জানানো হয় সেই খবর। এরপর ছেলের সমাধি দেখতে ব্যাকুল হয়ে ওঠেন মা। কিন্তু বার্ধক্যজনিত সমস্যার কারণে এত দিন তাঁর মা ছেলের সমাধিতে আসতে পারেননি।