৪৩ বছরেও মেলেনি শহীদের স্বীকৃতি

একাত্তরের ৮ ডিসেম্বর ভোরে প্রায় এক হাজার ২০০ মুক্তিযোদ্ধা একযোগে নড়াইলের লোহাগড়া থানা আক্রমণ করেন। পুলিশ ও রাজাকারদের সঙ্গে যুদ্ধে শহীদ হন মোস্তফা কামাল ওরফে তাজ। সেদিনই জয়ের পতাকা ওড়ে লোহাগড়ায়। হয় হানাদারমুক্ত।
সেই থেকে দিনটিকে লোহাগড়া মুক্ত দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ স্মৃতিকথা জানালেন মোস্তফা কামালের সহযোদ্ধারা। অথচ গত ৪৩ বছরেও মোস্তফা কামাল পাননি শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি।
মোস্তফা কামালের বাড়ি যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামে। বাবা আবদুল গফুর ও মা আমেনা বেগমের ছয় ছেলে, পাঁচ মেয়ে। ভাই-বোনের মধ্যে মোস্তফা ছিলেন মেজো। ছোট ভাই মোহাম্মদ আলী বলেন, ‘অনেক চেষ্টার পর গত বছরের ২৬ নভেম্বর মোস্তফা কামালকে মরহুম মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দেওয়া হয়েছে (নম্বর-১৯৪৪৭১)। শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে সনদ পেতে আবারও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেছি।’
একাত্তরে লোহাগড়া থানা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও বর্তমান নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এম গোলাম কবীর জানান, মোস্তফা কামালকে এখনো শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না করা অত্যন্ত পীড়াদায়ক। এতে তাঁর পরিবার শহীদ মুক্তিযোদ্ধাদের দেওয়া বিশেষ আর্থিক সুবিধা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। ওই যুদ্ধে মোস্তফা কামাল ও কোলাদিঘলিয়া গ্রামের হাবিবুর রহমান শহীদ হন।
প্লাটুন কমান্ডার বীর প্রতীক গোলাম আজাদ দারা বলেন, ‘ওই দিন ভোরে শুরু হয় যুদ্ধ। মোস্তফা ছিলেন আমার বাঁ-পাশে। অদম্য সাহসিকতায় গুলি ছুড়ছিলেন। সকাল আটটা হবে তখন। হঠাৎ জয় বাংলা বলে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠেন মোস্তফা। তখন একটি গুলি তাঁর বাঁ-কানের পাশে বিদ্ধ হয়ে ডান চোয়াল দিয়ে বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর সহযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে ১০-১৫ মিনিটের মধ্যে থানা দখলে চলে আসে। ওই দিনই আমরা সামরিক কায়দায় সম্মান দেখিয়ে লোহাগড়া উপজেলার ইতনা স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারের পাশে তাঁকে দাফন করি।’
মোস্তফা কামালের মা আমেনা বেগম (৮৫) বলেন, ‘একাত্তরে মোস্তফা অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বয়স ছিল ১৬ বছর। এপ্রিল মাসে আমাদের না জানিয়েই ভারতে চলে যায় প্রশিক্ষণ নিতে। প্রায় দেড় মাস প্রশিক্ষণ শেষে সে যুদ্ধে অংশ নেয়।’ আমেনা বেগম আরও বলেন, ‘বাংলার স্বাধীন পতাকার মধ্যে আমার তাজকে দেখতে পাই। শহীদ মুক্তিযোদ্ধার মায়ের সরকারি স্বীকৃতি নিয়ে কবরে যেতে চাই।’
শহীদ মোস্তফা কামাল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আতাউর রহমান জানান, স্কুলে শহীদ মোস্তফার কবর রয়েছে। তাঁর এই কবর স্কুলের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে।