৪৩ লাখ প্রাণীর জন্য চিকিৎসক দুজন
নাটোর জেলার প্রায় ৪৩ লাখ প্রাণীর জন্য চিকিৎসক আছেন দুজন। চিকিৎসকের ছয়টিসহ ২৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এ কারণে প্রাণিসম্পদ বিভাগে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের অনুমোদিত জনবল ৭২ জন। কর্মরত আছেন ৪৩ জন। জেলা প্রাণিসম্পদ হাসাপাতালে ভেটেরিনারি সার্জন (চিকিৎসক), ভেটেরিনারি কম্পাউন্ডার ও এমএলএস পদে কেউ নেই। শুধু অ্যানিমেল অ্যাটেনডেন্ট অর্থাৎ সেবিকা পর্যায়ের একজন কর্মী জেলা সদরের গুরুত্বপূর্ণ এ হাসপাতাল চালাচ্ছেন।জেলার ছয়জন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মধ্যে কর্মরত পাঁচজন। কর্মকর্তা না থাকায় বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যলয় অভিভাবকশূন্য। উপজেলা পর্যায়ে ভেটেরিনারি সার্জনের (চিকিৎসক) ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন। বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় ভেটেরিনারি সার্জন নিয়োগ দেওয়া হয়নি। এসব উপজেলার মধ্যে বাগাতিপাড়া ছাড়া বাকি তিনটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রশাসনিক কাজের পাশাপাশি মূল চিকিৎসকের দায়িত্বও পালন করতে হচ্ছে।উপজেলা প্রাণিসম্পদ সহকারীর (চিকিৎসা সহকারী) ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন একজন। বাকি পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। জেলার ১৮ জন প্রাণিসম্পদ মাঠ সহকারীর (ভিএফএ) মধ্যে পাঁচটি পদ শূন্য। এ কারণে মাঠপর্যায়ে পশুপালনকারীদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। কৃত্রিম প্রজনন কার্যক্রম চালানোর জন্য প্রত্যেক উপজেলায় একজন করে কৃত্রিম প্রজনন সহকারী (এফএ) থাকার কথা থাকলেও দুটি উপজেলায় এই পদ শূন্য।ছয় উপজেলায় কম্পাউন্ডারের ছয়টি পদ থাকলেও তিনটি উপজেলায় এই পদে কেউ নেই। এ ছাড়া ড্রেসারের (নার্স) একটি ও এমএলএসএসের চারটি পদ শূন্য।সূত্র আরও জানায়, জেলায় ১৭ লাখ ৬২ হাজার গবাদি পশু ও ২৫ লাখ হাঁস-মুরগি রয়েছে। এর মধ্যে গরুর খামার রয়েছে ৮৫৫টি এবং হাঁস-মুরগির খামার আছে এক হাজার ২২টি।লালপুরের বিলশলিয়া গ্রামের আলাউদ্দিন, বাগাতিপাড়ার পাকা গ্রামের আলতাফ হোসেন, সিংড়ার সুকাশ গ্রামের মজিবর রহমান, গুরুদাসপুরের চাপিলা গ্রামের আবদুস সাত্তার, সদরের রামশা কাজিপুর গ্রামের মোস্তাফিজুর রহমান ও বড়াইয়ের ধানাইদহ গ্রামের ইসহাক আলী বলেন, ‘গরু-মহিষ অসুস্থ হলে আমরা সরকারি পশুচিকিৎসককে ডেকে পাই না। হাসপাতাল থেকে বলা হয়, চিকিৎসক নেই। কখনো থাকলেও বলে, বাড়িতে যাওয়া যাবে না। এ অবস্থায় অসুস্থ গরু-মহিষকে যানবাহনের অভাবে হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হয় না।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম ফজলুল কাদের বলেন, জনবলসংকটের কারণে বিপুলসংখ্যক প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করা দুঃসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামপর্যায়ে পশুকে টিকা দেওয়া, কৃত্রিম প্রজনন নিশ্চিত করা এবং বিশেষ কোনো রোগের প্রাদুর্ভাব হলে তা মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও বলেন, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে লালপুরে মহিষের মড়ক দেখা দিলে জনবলসংকটের তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে। এ সময় জেলার প্রায় সব চিকিৎসককে ওই উপজেলায় নিয়োজিত থাকতে হয়েছে। একই সময় এ রকম পরিস্থিতি যদি একাধিক উপজেলায় কিংবা সারা জেলায় দেখা দেয়, তাহলে পরিস্থিতি ভয়াবাহ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা পর্যায়ক্রমে জনবলসংকট কাটানোর আশ্বাস দিয়েছে।