বাংলাদেশে পাঁচ বছরের নিচে যত শিশু মারা যায়, তার ৪৩ শতাংশই পানিতে যুবে মারা যায়। ৩০ বছর আগে এই হার ছিল মাত্র ৫ শতাংশ।
পানিতে ডুবে যাওয়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রথম বৈশ্বিক প্রতিবেদন ‘গ্লোবাল রিপোর্ট অন ড্রাউনিং: প্রিভেনটিং অ্যা লিডিং কিলার’-এ এই তথ্য প্রকাশ করা হয়।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশে এত শিশুর পানিতে ডোবার পেছনে সরকারের অবহেলাকে দায়ী করা হয়েছে।
ডব্লিউএইচওর অসংক্রামক ব্যাধি, পঙ্গুত্ব, সহিংসতা ও আঘাত প্রতিরোধ বিভাগের পরিচালক এটিয়েন ক্রুগ বলেন, ‘ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে সরকারের জোরালো উদ্যোগের কারণে সফলতা এসেছে। কিন্তু পানিতে ডোবা এখনো উপেক্ষিত বিষয়।’
ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর বিশ্বে তিন লাখ ৭২ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দেওয়া, হত্যার পর লাশ পানিতে ফেলা, নৌযান ডুবে মানুষের মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পানিতে ডুবে মারা যাওয়ার যে সংখ্যাটি বলছে, তার চেয়ে বাস্তবে মৃতের সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি বলে প্রতিবেদনেই বলা হয়। মৃতদের বেশির ভাগের বসবাস বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোয়।
ডব্লিউএইচও বলছে, ডুবে যাওয়া মানুষের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া যাঁরা জীবিকার জন্য, যাতায়াতে ও কৃষিকাজে পানি ব্যবহার করে থাকেন, তাঁরা বেশি ঝুঁকিতে থাকেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী ডেভিড মেডিংস বলছেন, ডুবে যাওয়া প্রতিরোধের মৌলিক ব্যবস্থাগুলো বেশির ভাগ দরিদ্র দেশেই নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের শুরুতেই স্থান পেয়েছে বাংলাদেশ পরিস্থিতি। বলা হয়, ২০০৪-১১ সাল মেয়াদে যেসব কারণে শিশুরা মারা যেত, সেগুলোকে অনেকটাই প্রতিরোধ করা যেত। ডায়রিয়া বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল। কিন্তু এখন মাত্র ২ শতাংশ মৃত্যু হয় ডায়রিয়ায়। সংক্রমণে মৃত্যুর হারও কমে এসেছে। কিন্তু শিশুমৃত্যুর ৪৩ শতাংশ ঘটছে পানিতে ডুবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) মতলবে শিশুমৃত্যুর ৬০ শতাংশ পানিতে ডোবার কারণে বলে একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে পানিতে ডুবে যত শিশু মারা যায়, তার ৪৩ শতাংশ পুকুরে ডুবে, ২৬ শতাংশ কুয়ায়, ১৩ শতাংশ কনটেইনারে, ৭ শতাংশ লেকে, ৫ শতাংশ নদীতে ও ৬ শতাংশ অন্যান্য জায়গায় ডুবে মারা যায়।
এই মৃত্যুর হার কমিয়ে আনতে প্রতিবেদনে জলাধারের চারপাশে বেড়া দেওয়া, শিশুদের ওপর নজর রাখা, নৌযান চালানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতি মেনে চলা, জলাধারের সামনে সাইনবোর্ড দেওয়া, সাঁতার শেখা, ভেসে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ করা এবং ডুবে যাওয়া মানুষকে দ্রুত উদ্ধারে জলাধারের আশপাশে থাকা মানুষকে প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করা হয়।
এ ছাড়া প্রতিবেদনে যাঁরা নৌকায় করে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমান, তাঁদের ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে।