ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) ২৬ নম্বর ওয়ার্ডের ৪৩টি স্থানে বসেছে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)। ওয়ার্ডের কাউন্সিল নিজের উদ্যোগে এসব ক্যামেরা বসালেও তা সার্বিকভাবে পর্যবেক্ষণ করবে লালবাগ বিভাগের পুলিশ। ডিএসসিসি ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সিসি ক্যামেরা কার্যকর হলে এসব এলাকার অপরাধপ্রবণতা কমে আসবে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশের অনুমতি নিয়েই সিসি ক্যামেরা বসিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিবুর রহমান। ভালো কাজের জন্য তাঁকে উৎসাহ দেওয়া উচিত।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের অনুমতি নিয়ে এই ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিছুদিনের মধ্যেই এগুলো আজিমপুর স্টাফ কোয়ার্টার পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া গত জুলাই মাস থেকে ডিএসসিসির পুরো ২৬ নম্বর ওয়ার্ডে ‘ফি ওয়াই-ফাই জোন’ বা বিনা মূল্যে ইন্টারনেট সেবার ব্যবস্থা করা হয়েছে। এই ইন্টারনেট ব্যবহারে কোনো গোপন নম্বর (পাসওয়ার্ড) লাগে না।
ডিএসসিসির সূত্র জানায়, প্রথম পর্যায়ে পলাশী বাজার, নীলক্ষেত, আজিমপুর বাসস্ট্যান্ড, ভিকারুননিসা নূন স্কুল (আজিমপুর শাখা), ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর স্টাফ কোয়ার্টার, আজিমপুর কবরস্থান, বটতলা, ছাপড়া মসজিদ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রসুলবাগ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকেশ্বরী সড়ক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল, লালবাগ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য আজিমপুর গভ. এমপ্লয়িজ কমিউনিটি সেন্টারের একটি কক্ষ চেয়েছে ডিএসসিসি। এটা পেলেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার লালবাগের ঢাকেশ্বরী সড়কের পৃথক দুটি স্থানে চালু আছে দুটি সিসি ক্যামেরা। এ ছাড়া কাউন্সিলর দপ্তর, লালবাগ সড়ক, পলাশী বাজার, আজিমপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ক্যামেরা আছে আটটি। এসব এলাকায় চালু থাকা ক্যামেরার চিত্র কাউন্সিলরের দপ্তরে বসে দেখা যাচ্ছে।
লালবাগ সড়কের স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, সিসি ক্যামেরা বসানোর ফলে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্যক্রম, মাদক ব্যবহার, নারীদের যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধপ্রবণতা কমে আসবে। মহল্লায় মানুষ নিশ্চিন্তে রাত-দিন চলাফেরা করতে পারবে।
ফি ওয়াই-ফাই: গত ৩০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজেট ঘোষণার দিন ২৬ নম্বর ওয়ার্ডকে ‘ফ্রি ওয়াই-ফাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু প্রথমে পাসওয়ার্ড না জানায় এলাকার অনেকেই তা ব্যবহার করতে পারেনি। তাই পরে পাসওয়ার্ড ছাড়াই সবার জন্য ওয়াই-ফাই উন্মুক্ত করে দেওয়া হয়।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড সূত্র জানায়, ফি ওয়াই-ফাই সেবা লালবাগ চৌরাস্তা, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী, ইডেন মহিলা কলেজ, আজিমপুর কলোনি, বিসি দাস স্ট্রিট, ভিকারুননিসা নূন স্কুল, আজিমপুর ইউনিভার্সিটি কোয়ার্টার, রসুলবাগ, চান-তারা মসজিদ, ছাপড়া মসজিদসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এক বা একাধিক রাউটার (তারবিহীন ইন্টারনেট সংযোগ) লাগানো হয়েছে।
ঢাকেশ্বরী সড়কে কথা হয় ঢাকা কলেজের স্নাতকের (সম্মান) ছাত্র মো. সোহাইলের সঙ্গে। তিনি বলেন, এলাকার নির্দিষ্ট কয়েকটি স্থানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। তবে গতি কিছুটা কম মনে হয়। গতি বাড়লে এটি সবার কাজে লাগতে পারে।