৪৩৫ স্থানে জুয়া ও অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার ৪৩৫টি স্থানে জুয়া ও ‘যাত্রার’ আসর চলছে৷ অধিকাংশ জায়গায় যাত্রার নামে অশ্লীল নাচ-গান চলছে৷ পুলিশের ছত্রচ্ছায়ায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এসব চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
জেলার সাত উপজেলায় ৮২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৪৮টি ইউপির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে কথা বলে এবং গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে৷
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরহাট থেকে দারিয়াপুরের দূরত্ব সাত কিলোমিটার৷ এই দূরত্বের মধ্যে তিনটি স্থানে (লক্ষ্মীপুরহাট, গাবেরতল ও খোর্দ্দ মালিবাড়ি) জুয়া চলছে। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ধুপনি কঞ্চিবাড়ির দূরত্ব ১৫ কিলোমিটার। এই দূরত্বের মধ্যে তিনটি স্থানে (ডোমেরহাট, শোভাগঞ্জ বাজার ও ধুপনি মোড়) জুয়া চলছে।
গাইবান্ধার আইনজীবী আনিস মোস্তফা বলেন, প্রচলিত আইন অনুযায়ী সার্কাস ও যাত্রা চালানোর জন্য জেলা প্রশাসককে লিখিত আবেদন দিতে হয়। জেলা প্রশাসন সেটি তদন্তের জন্য পুলিশ বিভাগে পাঠায়। নিরাপত্তার সমস্যা হবে না মর্মে পুলিশ প্রতিবেদন দিলে জেলা প্রশাসন কিছু শর্তসাপেক্ষে (যেমন-মাইক ব্যবহারের ক্ষেত্রে সময় নির্ধারণ, সারা রাত না চালানো, অশ্লীল নাচ প্রদর্শন ও জুয়ার আসর বসানোর ক্ষেত্রে বিধিনিষেধ ইত্যাদি) নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়ার কথা৷
সম্প্রতি সরেজমিনে দেখা গেল, কোনোটিরই অনুমতি নেই৷ গত বুধবার রাতে বাদিয়াখালী এলাকায় গিয়ে দেখা গেল, গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালী বেইলি সেতুসংলগ্ন ফাঁকা জমিতে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের প্রবেশপথে রয়েছে সুসজ্জিত তোরণ। সেখানে লেখা বৈশাখী মেলা, আয়োজনে বাদিয়াখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সায়েদ আলী ও জাতীয় পার্টির স্থানীয় নেতা ফুল মিয়া এক সপ্তাহ ধরে এসব চালাচ্ছেন। প্রতিদিন রাত আটটা থেকে পরদিন ভোর পর্যন্ত যাত্রার নামে চলে অশ্লীল নাচ, হাউজি ও ডাব্বু খেলা। মেলা পরিচালনায় রয়েছে ১০০ সদস্যবিশিষ্ট কমিটি। কমিটির সদস্যরা গলায় স্বেচ্ছাসেবকের কার্ড ঝুলিয়ে রাতে পাহারা দেন।
বাদিয়াখালী এলাকার শিক্ষক জোবায়ের মিয়া বলেন, বৈশাখী মেলা বৈশাখ মাসে হয়ে থাকে। কিন্তু এ সময়ে এ ধরনের আয়োজন মানে জুয়া-বাণিজ্য। প্রশাসনের লোকজন সবই জানেন, কিন্তু তাঁরা এখান থেকে বখরা নেন। তাই কোনো পদক্ষেপ নেন না।
আয়োজক ফুল মিয়া মুঠোফোনে বলেন, ‘সবাইকে টাকা-পয়সা দিয়ে মেলা চালাচ্ছি৷ আপনি আসেন সাক্ষাতে কথা হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়োজক বলেন, এসব চালানোর জন্য প্রতিদিন থানা-পুলিশকে ১০ হাজার টাকা দিতে হচ্ছে। এ ছাড়া, জেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও সাংবাদিক নামধারী ব্যক্তিকে প্রতিদিন বখরা দিতে হয়।
একই উপজেলার গাবেরতল এলাকায় দুই মাস ধরে যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়া চালানো হচ্ছে। নিজেদের আওয়ামী লীগের নেতা দাবি করা মিজান মিয়া, মো. মনজু ও জাহাঙ্গীর আলম এসব চালাচ্ছেন৷ মিজান মিয়া বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়েই যাত্রা চালাচ্ছি৷’
তবে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘জেলার কোথাও সার্কাস ও যাত্রা চালানোর অনুমতি দেওয়া হয়নি৷’
আর বখরা নেওয়ার অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, ‘জেলা প্রশাসন এগুলো চালানোর অনুমতি দিয়েছে। আমাদের করার কিছু নেই।’
পলাশবাড়ীর আমলাগাছি গ্রামে গিয়ে দেখা গেল, ফাঁকা জমিতে একইভাবে প্যান্ডেল সাজানো হয়েছে। এখানে আনন্দ মেলার নামে হাউজি, জুয়া চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী মোখলেছুর রহমান। আমলাগাছি গ্রামের ব্যবসায়ী রতন মিয়া বলেন, এখানে রাতভর এক মঞ্চে অশ্লীল নাচ, অন্যদিকে বিশাল এলাকাজুড়ে চলে জুয়ার রমরমা ব্যবসা।
যোগাযোগ করলে পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।