৪৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৮৪ মামলা
নগরের সাতগাড়া, বড়বাড়ি, মনোহরপুর, সম্মানীপুরসহ আরও কিছু এলাকা নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু আহমেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে, কারাগারেও ছিলেন। তিনি এবারও নির্বাচন করছেন। হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সাক্ষরজ্ঞানসম্পন্ন। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিসহ আটজন। তাঁদের মধ্যে চারজনই বর্তমানে বিভিন্ন মামলার আসামি।
বিএনপির সাবেক স্থানীয় নেতা রাজু আহমেদের বিরুদ্ধে অস্ত্র মামলা করে র্যাব ২০১৫ সালে। তাঁর দাবি, ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দেওয়া হয়েছে। ভোটে এর কোনো প্রভাব পড়বে না।
একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মমদেল হোসেন সরকারের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তবে আগে দুটি ফৌজদারি মামলা ছিল। তাঁর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তাঁর দাবি, রাজনীতি করার কারণে এমন রাজনৈতিক মামলা হয়েছিল।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতেই কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন মামলার আসামি। মোট ২১১ প্রার্থীর মধ্যে ৪৪ জনের বিরুদ্ধে বর্তমানে মোট মামলার সংখ্যা ৮৪। কেউ আগ্নেয়াস্ত্র, কেউ বা নাশকতা আবার কেউ প্রতারণার মামলায় অভিযুক্ত। ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে মোট প্রার্থী ৬৫ জন। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ঘেঁটে দেখা যায়, ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ১৩ জন। তাঁদের মধ্যে ছয়জন বর্তমানে বিভিন্ন মামলার আসামি। এ ছাড়া আরও দুজন প্রার্থীর বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা ছিল।
বর্তমানে তিনটি মামলায় জড়িত মো. হীরা নামের একজন কাউন্সিলর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। একটি করে মামলা রয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধে। তাঁরা হলেন কামরুল হাসান, আবদুল গণি, মামুন রশিদ, রকিবুল আজাদ ও সাঈদ পারভেজ। মো. হীরা বলেন, প্রতিপক্ষের দায়ের করা এসব মামলা হয়রানিমূলক। অন্যদের বক্তব্যও একই ধরনের।
২০১৪ সালে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলা হয় ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলামের বিরুদ্ধে। তিনি এবারও নির্বাচন করছেন। নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন, বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট মামলা সাতটি। অর্থাৎ আগেরই ফৌজদারি মামলা ছিল ছয়টি। এই ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থীর মধ্যে জাকারিয়া আলম নামের আরও এক প্রার্থীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। দুজনেরই শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
শাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর সুনাম নষ্ট করতে রাজনৈতিক হয়রানিমূলক মামলা করা হয়েছে। নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে তাঁর আশা।
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম এর আগেও কাউন্সিলর ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি এখন রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল সোমবার তাঁকে ফোন দেওয়া হলে ফোন ধরেন তাঁর ভাগনে। জাহাঙ্গীর আলম নির্বাচনী গণসংযোগে আছেন বলে কথা বলা সম্ভব হয়নি।
প্রার্থীদের মামলা প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বলেন, ফৌজদারি অপরাধের মামলায় অভিযুক্ত আসামিরা নির্বাচনে অংশ নিলে পরিচ্ছন্ন মানুষেরা অংশ নিতে চাইবেন না। সামাজিক প্রতিরোধ করে ভালো মানুষদের নির্বাচনে এগিয়ে আসা উচিত।
আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত রোববার রাত নয়টার দিকে শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সরফুদ্দীন আহমেদ রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ শুরু করার পর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দেন।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক আবু রাফা মো. আরিফ জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জোরেশোরে অভিযান চলছে।