৪৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ১৮ হাজার মানুষকে অধিক লাভের আশা দেখিয়ে ৪৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। আমানত সংগ্রহ ও ঋণদানের এ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা গত বুধবার কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এর চারজন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
প্রতিষ্ঠানটি হলো রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আরডিপি)। অভিযোগ উঠেছে, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, ঢাকার ৩২ পুরানা পল্টনের সুলতান আহমেদ প্লাজার নবম তলায় প্রধান কার্যালয় দেখিয়ে ২০১১ সালে সাতক্ষীরায় কাজ শুরু করে আরডিপি। সদর, শ্যামনগর, কালীগঞ্জ, নলতা, পারুলিয়া, কলারোয়া, পাটকেলঘাটা ও আশাশুনিতে কার্যালয় খোলা হয়। ১২টি প্রকল্পের আওতায় উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে আসছিল। কিন্তু বুধবার রাতে হঠাৎ সদর কার্যালয়সহ আটটি কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে যান কর্মকর্তা-কর্মচারীরা।
সাতক্ষীরা শহরের মুনজিত এলাকার সামছুর নাহার জানান, মাসে লাখপ্রতি দুই হাজার টাকা মুনাফা পাওয়ার আশায় তিনি ছয় মাস আগে ব্যাংক থেকে টাকা তুলে পাঁচ লাখ টাকা আরডিপি সাতক্ষীরা শাখায় জমা দেন। দুই মাস মুনাফা পেয়েও ছিলেন। এর পরই মুনাফা নিয়ে নানা টালবাহানা শুরু হয়। আজ না কাল দেওয়ার কথা বলে সময় পার করা হয়।
একইভাবে সদর উপজেলার বিভিন্ন এলাকার আরও অনেকে টাকা জমা রেখেছেন। এর মধ্যে গৌতম কুমার পাল ৪২ হাজার টাকা, আমজাদ হোসেন ৬০ হাজার টাকা, রেজাউল করিম পাঁচ লাখ টাকা, সাহানারা খাতুন ১ লাখ ৬ হাজার টাকা, জাহাঙ্গীর হোসেন পাঁচ লাখ টাকা, আলম গাজী দুই লাখ টাকা, আবদুল হামিদ ও তাঁর স্বজনেরা মোট ২১ লাখ টাকা জমা রাখেন। দেবহাটার জগন্নাথপুর গ্রামের আবুল কাসেম জমা রাখেন এক লাখ টাকা।
এসব গ্রাহক জানান, জেলার সাতটি শাখাই বন্ধ করে দেওয়ার খবরে বুধবার তাঁরাসহ কয়েক শ গ্রাহক সাতক্ষীরা শহরের ইটেগাছায় অবস্থিত আরডিপির সাতক্ষীরা শাখা ঘেরাও করেন। এ সময় সেখান থেকে পালানোর সময় শাখা বিনিয়োগ কর্মকর্তা রোকনুজ্জামান, উন্নয়ন সহকারী আবদুল হান্নান, শফিকুল ইসলাম ও নাছিমা বেগমকে আটক করা হয়। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
গৌতম কুমার পাল ও জাহাঙ্গীর আলম নামের দুজন গ্রাহকের অভিযোগ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামকে প্রায়ই আরডিপির সাতক্ষীরা শাখায় দেখা যেত। বুধবার আটক চারজনকে ছেড়ে দিতে সুপারিশও করেন তিনি।
তবে সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, গ্রাহকদের স্বার্থে তিনি থানায় গিয়েছিলেন। আরডিপি সাতক্ষীরার নিবন্ধিত প্রতিষ্ঠান নয়। তিনি গ্রাহকদের টাকা জমা না রাখতে পরামর্শও দিয়েছিলেন। এ ব্যাপারে থানায় কোনো ডায়েরি না করলেও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে তাঁর দাবি।
আটক হওয়া আরডিপির বিনিয়োগ কর্মকর্তা রোকনুজ্জামান দাবি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে বলেছে, তাঁরা সেভাবে চলেছেন। তাঁরা চাকরি করতেন মাত্র। তিনি বলেন, গ্রাহকের কাছ থেকে ৪৪ কোটি টাকা আদায় করা হয়েছে ঠিকই; তবে প্রতিষ্ঠানটির বিনিয়োগ করা সম্পদের পরিমাণ ১২-১৪ কোটি টাকা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় আরডিপির গ্রাহক আবদুল রাজ্জাক অন্য গ্রাহকদের পক্ষে আটক চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০-৭০ জনের নামে একটি মামলা করেছেন। এজাহারে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী আবদুল রাজ্জাকের অভিযোগ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম মামলাটি না করতে তাঁকে অনুরোধ করেছিলেন।