৪৪ কোটি টাকা ব্যয়ে ভৈরব নদ খনন শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভৈরব নদ খনন শুরু হতে যাচ্ছে। নদের খুলনার কাস্টমস ঘাট থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পর্যন্ত খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। এ জন্য গত রোববার থেকে প্রক্রিয়া শুরু করেছে বিআইডব্লিউটিএ।
ভৈরব নদ খননে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র যশোরের নওয়াপাড়ার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং এখানকার ব্যবসার পরিধি আরও বাড়বে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এর আগে ২০১০ সালে নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ভৈরব নদের ছয় কিলোমিটার খনন করেছিল বিআইডব্লিউটিএ। এরপর ওই বছর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদের ২৫ লাখ ঘনমিটার খনন করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ২০১১ সালে এডিবি প্রকল্পটি বাতিল করে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, খুলনা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরবের দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। এর মধ্যে নদের খুলনা থেকে ফুলতলা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার অংশের অবস্থা ভালো। খুলনার ফুলতলা থেকে নওয়াপাড়া পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার অংশের অবস্থা বেশ খারাপ। সবচেয়ে খারাপ অবস্থা নওয়াপাড়া নদীবন্দরের প্রায় সাড়ে ১২ কিলোমিটার অংশে।
সূত্র জানায়, ২০১০ সালে নওয়াপাড়া নদীবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নওয়াপাড়া থেকে ভাটপাড়া পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অংশ খনন করা হয়েছিল। নদ খননের জন্য সর্বশেষ গত বছরের ৬ জুন দরপত্র আহ্বান করা হয়। ২১ জুলাই দরপত্র যাচাই-বাছাই করা হয়। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ড্রেজার্স। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের সহকারী প্রকৌশলী মো. দিদার এ আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘রোববার থেকে নদ খননের প্রক্রিয়া শুরু করা হয়েছে। খনন করা মাটি ফেলার জায়গা নির্ধারণ করার পর নদটি খনন শুরু হবে। প্রথমে খুলনার ফুলতলা থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার অংশ খনন করা হবে। এর মধ্যে নদের অনেক জায়গা বেশি উঁচু হয়ে আছে। ওই সব জায়গায় পণ্যবাহী জাহাজ আটকে যাচ্ছে। আমরা আগে ওই জায়গাগুলো খনন করব। পর্যায়ক্রমে খুলনা-নওয়াপাড়া নৌপথের অবশিষ্ট অংশ খনন করা হবে।’
মেসার্স বঙ্গ ড্রেজার্সের কর্মকর্তা সহিদুর রহমান বলেন, ‘নদটি খননের জন্য আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রথমে একটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে খননের কাজ শুরু করা হবে। পরে খননযন্ত্রের সংখ্যা বাড়ানো হবে।’
নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘নওয়াপাড়ার ব্যবসায়ীরা ভৈরব নদ খননের জন্য বারবার দাবি করে আসছেন। দীর্ঘদিন নদটি খনন না হওয়ায় নদীবন্দরটি থেকে রাজস্ব আয় কমে গেছে। অবশেষে নদটি খনন হতে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা সুবিধা পাবেন।’