৪৪ গ্রামে বিদ্যালয় নেই
পুরো বর্ষাকাল বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে আসা-যাওয়া করেছে সে। কারণ, বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ভিন্ন গ্রামে তার বিদ্যালয়। ওই স্কুলছাত্রের নাম অয়ন (৬)। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার বেতমোর গ্রামে।বেতমোর গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় অয়নের অভিভাবকেরা তাকে পাশের গ্রামের বৈঠাকাঠা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়েছেন। এ কারণে খুব কম বয়স থেকেই কষ্ট করে বিদ্যালয়ে যেতে হচ্ছে তাকে। শুধু অয়নের গ্রামই নয়, বরগুনার আমতলী উপজেলার ৪৪টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ কারণে অয়নের মতো কয়েক হাজার শিশু দূরের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে গিয়ে দুর্ভোগ পোহায়।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪৪টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয়ই নেই। ২০০১ সালে উপজেলা শিক্ষা কার্যালয় ওই গ্রামগুলোকে ‘বিদ্যালয়বিহীন’ চিহ্নিত করে। গ্রামগুলোয় বিদ্যালয় স্থাপনের কোনো উদ্যোগ আজও নেওয়া হয়নি।উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া, মধ্য ডালাচারা, পশ্চিম গোছখালী ও পূর্ব খেকুয়ানী; কুকুয়া ইউনিয়নের পশ্চিম রায়বালা, চরখালী, কালীপুরা ও কৃষ্ণনগর; চাওড়া ইউনিয়নের বেতমোর, গিলাতলা, দক্ষিণ চন্দ্রা ও পশ্চিম চন্দ্রা; আঠারগাছিয়া ইউনিয়নের তিনটি, হলদিয়ার ১২টি, আমতলী সদরের তিনটি, আড়পাঙ্গাশিয়ার দুটি, পচাকোড়ালিয়ার দুটি, কড়ইবাড়িয়ার তিনটি এবং বড়বগী ইউনিয়নের ছয়টি গ্রাম বিদ্যালয়বিহীন অবস্থায় রয়েছে।পূর্ব খেকুয়ানী গ্রামের আবদুল লতিফ শিকদার জানান, তাঁর গ্রামের কিছুসংখ্যক শিশু হেঁটে দুই-তিন কিলোমিটার দূরের অন্য গ্রামের বিদ্যালয়ে যায়। দূরে হওয়ার কারণে তাঁর গ্রামের অনেক শিশু বিদ্যালয়ে যায় না।চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান জানান, স্বচ্ছল পরিবারগুলো বাচ্চাদের লেখাপড়ার সুবিধার্থে যেখানে স্কুল রয়েছে সেখানে বাসা নিয়ে থেকে তাদের লেখাপড়া করাচ্ছেন। কিন্তু নিজ গ্রামে বিদ্যালয় না থাকায় নিম্নবিত্ত পরিবারের শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীশ চন্দ্র শীল বলেন, ‘উপজেলায় পাঁচটি বিদ্যালয়বিহীন গ্রামে শিক্ষা বিভাগ প্রাথমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে।