অভিযোগ করার ৪৪ ঘণ্টা পর শ্বশুরের বিরুদ্ধে এক নারীর করা শ্লীলতাহানির মামলা নিয়েছে মিরপুর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পুলিশ এ মামলা নেয়।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে থানায় মামলা করতে যান ওই গৃহবধূ। তাঁর অভিযোগ ছিল, গত শুক্রবার শেওড়াপাড়ার বাসায় শ্বশুরের দ্বারা শ্লীলতাহানির শিকার হন তিনি। কিন্তু পুলিশ তখন অভিযোগ আমলে নেয়নি।
নির্যাতিত নারী জানান, থানায় অভিযোগ করেছেন এ খবরে ক্ষিপ্ত হয়ে তাঁর শ্বশুর বুধবার সন্ধ্যায় তাঁকে মারধর করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নেন।
মারধরের বিষয়টি আবার পুলিশকে জানানোর পর মিরপুর থানার ওসি মো. নজরুল ইসলাম থানার উপপরিদর্শক (এসআই) সেলিমকে দায়িত্ব দেন পুত্রবধূ ও শ্বশুরকে থানায় নিয়ে আসার জন্য। দুজনই রাতে থানায় আসেন। পুলিশ বিষয়টি মীমাংসার চেষ্টা করে। কিন্তু পুলিশের প্রস্তাবে রাজি হননি পুত্রবধূ। তিনি শ্বশুরের বিরুদ্ধে মামলা করতে চান। বিপদ আঁচ করতে পেরে শ্বশুর থানা থেকে পালিয়ে যান। এরপর ওসি মামলা করার নির্দেশ দিয়ে রাতে বাসায় চলে যান। কিন্তু কর্তব্যরত এসআই মামলা রেকর্ড করেননি। পরে গতকাল সকালে ওসি আবার গৃহবধূকে থানায় ডেকে পাঠান এবং মামলা রেকর্ড করার নির্দেশ দেন। এ অবস্থায় এই নারী বিকেল পাঁচটা পর্যন্ত থানায় বসে থাকেন এবং শেষ পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করে।
এই দেরির কারণ জানতে চাইলে পরিদর্শক মিজানুর রহমান ক্ষুব্ধ হন এবং বলেন, লেখায় অনেক সংশোধন করা হয়েছে। তাই মামলা গ্রহণে বিলম্ব হয়েছে।
গৃহবধূ জানান, শ্বশুর তাঁকে উত্ত্যক্ত করছেন এই অভিযোগ করে এর আগে তিনি মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।
অভিযোগের বিষয়ে গত বুধবার রাতে অভিযুক্ত শ্বশুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
ওসি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্লীলতাহানির অভিযোগ করা ওই নারী তাঁর শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেছেন। এসআই সেলিমকে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন, তাঁর স্বামী নয় বছর ধরে বিদেশে থাকায় তিনি তাঁর দুই সন্তান নিয়ে শ্বশুরসহ শেওড়াপাড়ায় থাকেন। বাসায় আর কেউ থাকেন না। ১৮ আগস্ট শ্বশুর তাঁকে ঘরে ডাকেন এবং একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে শ্বশুর দুই সন্তানসহ তাঁকে বাসা থেকে বের করে দেন। গত বুধবার বিকেলে আবার বাসায় ফিরে এলে শ্বশুর তাঁকে মারধর করেন।
ওই গৃহবধূ বলেন, বিপদ হতে পারে এটা আঁচ করতে পেরে শ্বশুর প্রতিবেশীদের কাছে এবং বিদেশে অবস্থানরত ছেলের কাছে তাঁর সম্পর্কে কুৎসা রটাতে থাকেন। গত মঙ্গলবার রাতে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। পরে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জসীমউদ্দিন মোল্লার মাধ্যমে ওসির কাছে যান এবং শেষ পর্যন্ত মামলা করতে সক্ষম হন।