৪৪ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ায় তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দুটি উপজেলায় গত বুধ ও বৃহস্পতিবার ৪৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধ, ছিনতাই ও পূর্বশত্রুতার জের ধরে এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার মৃত আকবর আলীর ছেলে মহিদুল ইসলাম (৩০), কুষ্টিয়া শহরের মিলপাড়ার মৃত সতীন্দ্র নাথ করের ছেলে মিলন কুমার কর (৪০) ও দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ওয়াজেদ আলী (৭৮)।
গত বুধবার সকাল সাড়ে সাতটায় দৌলতপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামে মহিদুল ইসলামকে (৩০) তার ছোট ভাই ফরিদুল ইসলাম মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরিবারের অন্য সদস্যরা মহিদুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা খোদেজান খাতুন ফরিদুল ইসলামের নামে হত্যা মামলা করেছেন। দৌলতপুর কলেজের সমঞ্চান প্রথম বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম পলাতক রয়েছেন।
মিলনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের এনএস রোডে মডার্ন ক্লথ স্টোর নামে কাপড়ের দোকান রয়েছে মিলনের। প্রতি বৃহস্পতিবার মিলন দৌলতপুর ও ভেড়ামারা শহরে কাপড় বিক্রির টাকা আদায় করতে যেতেন। রাত সাড়ে আটটার দিকে ভেড়ামারায় টাকা আদায় শেষে তিনি গৌতম নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। চিথলিয়া মাঠের কাছে ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে মিলনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এতে মিলন ঘটনাস্থলেই নিহত হন। ছিনতাইকারীরা গৌতমকে মারধর করে বেঁধে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। একই রাতে দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ওয়াজেদ আলী খুন হন।
পুলিশ জানায়, শালিমপুর গ্রামের জানবার আলী, মোস্তফা ও আবদুল মান্নানসহ সাত-আটজন ওয়াজেদ আলীর খেতের গম কাটতে থাকেন। খবর পেয়ে ওয়াজেদ আলী ও তাঁর দুই ছেলে একরামুল হক (৪৫) ও আক্কাস আলী (৪২) বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করেন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে ওয়াজেদ আলী মারা যান। গুরুতর আহত তাঁর দুই ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।