৪৪ জওয়ানের বিরুদ্ধে রায় ২৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে আগামী ২৯ ডিসেম্বর রায় দেওয়া হবে। এ ছাড়া রংপুর, খাগড়াছড়ি ও জামালপুরে গতকাল বৃহস্পতিবার শুনানি হয়েছে। রংপুরে দুটি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ জানুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি। এ ছাড়া জামালপুর ও খাগড়াছড়িতে মামলার পরবর্তী শুনানি হবে যথাক্রমে ১৫ জানুয়ারি ও ২২ ফেব্রুয়ারি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—সিলেট: সিলেট ২১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচারে গঠিত বিশেষ আদালত-১৪-এর সভাপতি বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ গতকাল রায়ের তারিখ নির্ধারণ করেন। ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত শুরু হয় সকাল সাড়ে আটটায়। শেষ হয় সকাল সোয়া ১০টায়। শুনানি শেষে আদালত জানান, আগামী ২৯ ডিসেম্বর বিকেল তিনটায় রায় ঘোষণা করা হবে। ওই দিন পর্যন্ত অদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। গত ১৯ অক্টোবর বিদ্রোহের এই মামলার বিচারকাজ শুরু হয়। রংপুর: রংপুর বিডিআর সেক্টর সদর দপ্তরের ১১ জন এবং ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জওয়ানের বিরুদ্ধে দুটি মামলার শুনানি হয়েছে। সকাল পৌনে ১০টায় রংপুর সেক্টর সদর দপ্তরের আসামিদের বিশেষ আদালত-১৩-তে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের সভাপতি কর্নেল মো. সালেহ আহমাদ অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এরপর বেলা সোয়া ১১টায় ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এখানেও শুনানি শেষে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। গত বুধবার দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।খাগড়াছড়ি: খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরের ৪২ জন আসামিকে সকাল নয়টায় বিশেষ আদালত-১৫-তে হাজির করা হয়। আদালতের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। শুনানিতে বিচারক আসামিদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। কয়েকজন আসামি তাঁদের সমস্যার কথা আদালতের কাছে জানান। আদালত আসামিদের সমস্যা সমাধান এবং পরবর্তী কার্যদিবসে আদালতকে এ ব্যাপারে জানানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আদেশ দেন। শুনানি শেষে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়।জামালপুর: জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নে বিশেষ আদালত-১৭-তে সকাল আটটায় ৫২ জন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার কৌঁসুলি জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবির সরকার আদালতকে জানান, সব আসামির বিরুদ্ধে জামালপুর ব্যাটালিয়নে বিদ্রোহ সংঘটনের যথেষ্ট সাক্ষী, তথ্য ও দালিলিক প্রমাণ রয়েছে। শুনানি শেষে আদালত আগামী ১৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করেন। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শেষে প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবির সরকার।