ডেসটিনির বিরুদ্ধে করা চার হাজার ১১৯ কোটি টাকা দুর্নীতির দুটি মামলায় পলাতক ৪৪ জন আসামির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল রোববার এ পরোয়ানা জারির আদেশ দেন।
আদালত আগামী ১৩ আগস্ট এই পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে ১১ জুন দুটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৪৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গতকাল কলাবাগান থানা-পুলিশ আসামিদের গ্রেপ্তারসংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল না করায় আদালত এ আদেশ দেন।
দুর্নীতির মাধ্যমে চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের (ডিটিপিএল) বিরুদ্ধে কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ৪ মে ডেসটিনির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে ৪৪ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
মামলা দুটিতে মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন। কারাগারে আটক আছেন ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন, পরিচালক মোহাম্মদ হোসেন, আকবর হোসেন, দিদারুল আলম, শফিউল ইসলাম ও শিরিন আকতার।
পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, মিসেস ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ বিশ্বাস, শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, মো. রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, আবুল কালাম আজাদ ও আকরাম হোসেন।