৪৪ দিন পর জাহাজ ভিড়ল জেটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার প্রায় ৪৪ দিন পর বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) দুই নম্বর জেটিতে সমুদ্রগামী কনটেইনার জাহাজ ভিড়ানো শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘এমভি ক্যাপ মন্টেরি’ নামের একটি জাহাজ ভিড়ানো হয়। এরপর জাহাজের ক্রেন ব্যবহার করে কনটেইনার খালাস শুরু হয়।

সিসিটির দুটি জেটিতে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে জাহাজ থেকে দ্রুত কনটেইনার ওঠানো-নামানো করা হতো। ঈদের আগের দিন গত ২৫ জুন এমভি এক্সপ্রেস সুয়েজ নামের একটি কনটেইনারবাহী জাহাজের ধাক্কায় সিসিটির দুই নম্বর জেটির দুটি গ্যান্ট্রি ক্রেনই ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওই জেটিতে কনটেইনারবাহী জাহাজ ভিড়ানো বন্ধ হয়ে যায়। এর ফলে বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা ১১ শতাংশ কমে যায়।

বন্দর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ক্রেন দুটির একটি গত মঙ্গলবার সরিয়ে নেওয়া হয়। এই একটি ক্রেনের ওজন ৮০০ টন বা ৮ লাখ কেজি। জাপানের চারজন বিশেষজ্ঞ রোববার থেকে ক্রেন সরিয়ে নেওয়ার কাজ করে। এখন ক্ষতিগ্রস্ত অপর ক্রেনটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

টার্মিনাল পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মোহাম্মদ নাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর প্রথম জাহাজটি ভিড়ানো হলো। ক্রেন দুটি ক্ষতিগ্রস্ত থাকায় এখন জাহাজের ক্রেন দিয়ে কনটেইনার ওঠানো-নামানো হবে।

বন্দর কর্মকর্তারা জানান, বন্দরে ক্রেনযুক্ত ও ক্রেনবিহীন এই দুই ধরনের জাহাজে করে কনটেইনার আনা-নেওয়া হয়। ক্রেনবিহীন জাহাজ বন্দরের সিসিটি টার্মিনালে ভিড়ানো হতো। দুর্ঘটনায় দুটি ক্রেন ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি জেটিতে কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে ক্রেনবিহীন জাহাজের জট বেড়ে যায়। একটানা ৪৪ দিন দুই নম্বর জেটি সমুদ্রগামী কনটেইনার জাহাজের জন্য অচল থাকায় ১৪ থেকে ১৭টি জাহাজ ভিড়ানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর জাহাজ কোম্পানিগুলো ক্রেনবিহীন জাহাজের সংখ্যা কমিয়ে আনে। তখন ধীরে ধীরে জাহাজের জট কমেছে। বন্দরে এখন ক্রেনযুক্ত জাহাজের সংখ্যা বেশি।

বন্দরের তথ্য অনুযায়ী, গতকাল বন্দরের বহির্নোঙরে ১৪টি জাহাজ জেটিতে ভিড়ানোর অপেক্ষায় ছিল। এসব জাহাজের মধ্যে ক্রেনযুক্ত জাহাজ ১৩টি এবং ক্রেনবিহীন জাহাজ ছিল ১টি।