৪৪ দিনের ভাতা পাচ্ছেন না আনসারের চার সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সাড়ে ১৪ মাস চলে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনী মালামাল ও ব্যালট পেপার পাহারার দায়িত্বে থাকা চার আনসার ও ভিডিপি সদস্য ৪৪ দিনের ভাতা পাচ্ছেন না। উপজেলা প্রশাসন, আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় গত বছরের ৫ জুলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কার্যালয়ে ইউপি নির্বাচনের নির্বাচনী মালামাল ও ব্যালট সার্বক্ষণিক পাহারা দিতে ওই বছরের ১৯ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কাছে কমপক্ষে দুজন আনসার সদস্য চেয়ে একটি চিঠি দেন। চিঠি পেয়ে পরদিন থেকে আনসার ভিডিপির চারজন সদস্য উপজেলা নির্বাচন কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন। তাঁরা ২ আগস্ট পর্যন্ত সর্বমোট ৪৪ দিন এ দায়িত্ব পালন করেন। আনসার ও ভিডিপির সদর দপ্তরের নীতিমালা অনুযায়ী, সাধারণ একজন আনসার ও ভিডিপি সদস্যের দৈনিক কাজের ভাতা নির্ধারিত রয়েছে দুই শত ৫১ টাকা এক পয়সা। এ হিসাবে চারজনের ৪৪ দিনের দৈনিক ভাতা ৪৪ হাজার ১৭৭ টাকা ৭৬ পয়সা পাওনা রয়েছে। নির্বাচনী মালামাল পাহারার দায়িত্ব পালন করা আনসার ও ভিডিপির সদস্য বকুল মিয়া, জুনু মিয়া, সবুজ মিয়া ও গিয়াস উদ্দিন জানান, ওই ভাতার জন্য তাঁরা ইউএনও ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে বারবার ধরনা দিচ্ছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাঁরা বলেন, ‘ভাতার টাকা পাব—এ আশায় বেশ কিছু টাকা ঋণ করে সংসারে খরচ করেছি। এখন পাওনাদারদের যন্ত্রণায় আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।’ ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অর্থ বরাদ্দ না থাকায় নির্বাচনী দায়িত্ব পালন করা চারজন আনসার ও ভিডিপি সদস্যের ভাতাদি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তবে এ বাবদ অর্থ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।