৪৪ নেপালিকে দূতাবাসে হস্তান্তর
ভিসার মেয়াদ শেষ হলেও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে নেপালের ৪৪ জন নাগরিককে আটক করে গতকাল শুক্রবার নেপাল দূতাবাসে হস্তান্তর করেছে পুলিশ।
রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার এই ৪৪ নেপালিকে আটক করা হয়। প্রায় ১৯ ঘণ্টা তাঁদের ওই বাড়িতে পুলিশি পাহারায় রাখার পর দূতাবাসে হস্তান্তর করা হয়।
ওই নেপালিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে পুলিশ ওয়ালিউল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর বাড়ি কুমিল্লায়। পুলিশ বলেছে, ওয়ালিউল্লাহ এই নেপালিদের বাংলাদেশে ভ্রমণ ভিসায় নিয়ে এসেছিলেন।
ডিওএইচএসের ওই বাড়িটি সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল ইসলামের। সাততলা ভবনটির নিচতলায় কোনো ফ্ল্যাট নেই। দোতলা থেকে সাততলা পর্যন্ত মোট ১২টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটে এই নেপালিরা থাকতেন। ফ্ল্যাটগুলো গত ২২ মে ওয়ালিউল্লাহ ও মান্নান নামের দুই ব্যক্তি ভাড়া নিয়েছিলেন বলে জানান বাড়িটির তত্ত্বাবধায়ক মো. জলিল মিয়া। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আরও সাত-আটজন পুলিশ সদস্য বাড়িতে আসেন। তাঁরা পুরো বাড়ি তল্লাশি করেন এবং নেপালিদের কাগজপত্র নিয়ে যান। তখন থেকেই বাড়িতে পুলিশি পাহারা ছিল।
জলিল মিয়া বলেন, ভাড়া হওয়ার পর নেপালিরা ওঠেন। বনানীর একটি ক্লাবে তাঁরা কাজ করতেন বলে তিনি শুনেছেন। প্রতিদিন সকালে দুটি মাইক্রোবাস এসে কয়েকজন নেপালিকে নিয়ে যেত। আবার বিকেল চারটার দিকে তাঁদের পৌঁছে দিয়ে আরও কয়েকজন নেপালিকে নিয়ে যেত। তিনি বলেন, মোট ৪৭ জন নেপালি ছিলেন। এর মধ্যে পুলিশ আসার পর তিনজন বৃহস্পতিবারই নেপালে চলে গেছেন।
পল্লবী থানার ওসি দাদন ফকির প্রথম আলোকে বলেন, কাগজপত্রে দেখা গেছে বেনাপোল সীমান্ত দিয়ে ২২ মে এই নেপালিরা বাংলাদেশে আসেন। ১৯ জুন তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়। এরপর তাঁরা ভিসার মেয়াদ বাড়াননি। প্রত্যেকের বয়স ২০-৩০ বছরের মধ্যে। তাঁরা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, রেস্টুরেন্টে কাজের জন্য তাঁদের নিয়ে আসা হয়েছিল। ওয়ালিউল্লাহ তাঁদের ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। কিন্তু তিনি ভিসার মেয়াদ বাড়াতে পারেননি, টাকাও ফেরত দেননি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দাদন ফকির বলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) সঙ্গে যোগাযোগ করে গতকাল সন্ধ্যার দিকে তাঁদের নেপাল দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।