৪৪ নেপালিকে বেনাপোল দিয়ে ভারতে প্রেরণ
অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করার দায়ে আটক ৪৪ জন নেপালি নাগরিককে ভারতে পাঠানো হয়েছে। ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করে গতকাল শনিবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাঁদের ভারতে পাঠানো হয়।
ইমিগ্রেশন পুলিশের বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল নেপালি নাগরিকদের শ্যামলী পরিবহনের একটি বাস ভাড়া করে পুলিশের বিশেষ শাখার (এসবি) নিরাপত্তা হেফাজতে বেনাপোল সীমান্তে তল্লাশিচৌকিতে আনা হয়। প্রক্রিয়া শেষে বিকেল পাঁচটার দিকে তাঁদের ভারতে পাঠানো হয়।
বেনাপোল অভিবাসন পুলিশ সূত্র জানায়, ৪৪ জন নেপালির মধ্যে ৪২ জনের কাছ থেকে ৬ হাজার ৯৫০ টাকা করে এবং বাকি দুজনের কাছ থেকে যথাক্রমে ৮ হাজার ১০০ ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এক মাসের পর্যটক ভিসা নিয়ে ৪৪ জন নেপালি নাগরিক বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন। সম্প্রতি তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়। কিন্তু তাঁরা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেননি। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করছিলেন। রাজধানীর পল্লবী থানা-পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের আটক করে।