৪৪ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৫০টি পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে কয়েক বছর ধরে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় নতুন জাতীয়করণ করা ৬১টি বিদ্যালয়সহ মোট ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে প্রধান শিক্ষক পদে ৪৪টি, সহকারী শিক্ষক (রাজস্ব খাতের) পদে ৩৩টি ও প্রাক্-প্রাথমিকের সহকারী শিক্ষকের ১৭টি পদ শূন্য আছে। এর মধ্যে পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ শেষে অনেকে অবসরে গেছেন। ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদায়ন করা হয়নি।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা এসব বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে কাজ চালানো
হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজসহ শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রায়ই দাপ্তরিক কাজের জন্য উপজেলায় যেতে হয়। দুজন শিক্ষকের ঘাটতি পুষিয়ে নেওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা বিঘ্ন ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিজের পাঠদান বন্ধ রেখে স্কুলের কাজের জন্য ছোটাছুটি করতে হয়। এর প্রভাব পড়ে সামগ্রিক শিক্ষার মানের ওপর।
শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় প্রশাসনিক কাজে। সাধারণত জানুযারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম চলে। তবে পুল শিক্ষক নিয়োগের কারণে এ বদলি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কার্যক্রম জুন পর্যন্ত বর্ধিত করলে বিভিন্ন বিদ্যালয়ের পাঠদানের সমস্যা কাটানো যায়।
৪৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্যসহ অনেক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শূন্যপদের তালিকা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
গকুল চন্দ্র আরও বলেন, প্রধান শিক্ষকের শূন্যপদে এখন সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বলে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ কার্যক্রম শুরু হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।