৪৪ প্রার্থীর ৩৪ জনই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৪ জন প্রার্থীর মধ্যে ৩৪ জনই ব্যবসায়ী। উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ঘেঁটে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এসব হলফনামা প্রকাশ করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আজিজ বলেন, কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা প্রায় ৭৮ শতাংশ প্রার্থীই ব্যবসায়ী। অন্যান্য পদেও ব্যবসায়ী প্রার্থী রয়েছেন।
নির্বাচন কার্যালয় ও হলফনামা সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাখিল করা হলফনামায় ৪৪ প্রার্থীর মধ্যে ৩৪ জনই পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন। বাকি ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের পেশা কৃষি। তিনজন চাকরি ও একজন শিক্ষকতা করেন। ৯ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমান ও আবদুল হাই, ৮ নম্বর ওয়ার্ডের সেলিম মাল, ৭ নম্বর ওয়ার্ডের আহিজল মুন্সী, ২ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলী সরকার ও ইকবাল হোসেন পাটোয়ারী কৃষি পেশার কথা উল্লেখ করেছেন। চাকরিজীবী প্রার্থীরা হলেন ৬ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন প্রধান ও মো. সানাউল্লা। শিক্ষকতা পেশা দেখিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাজাহান সাগর।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরহাদ হোসেন কাজী বলেন, তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। তবে প্রার্থী যে পেশার লোকই হোক, সেটা কোনো বিষয় নয়। ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কলেজশিক্ষক জি এম হাবিব খান বলেন, রাজনীতি এখন অনেকটাই ব্যবসায়ীদের হাতে চলে গেছে। নির্বাচনে কাউন্সিলর পদেও এত ব্যবসায়ী প্রার্থী সেটাই প্রমাণ করে। এটা জাতীয় রাজনীতির আঞ্চলিক প্রভাব।