৪৪ বছর ধরে আদালত প্রাঙ্গণে
‘স্যার, আসেন। একটা কিছু খেয়ে যান।’ হাসিমুখে এমন আমন্ত্রণ শুনে অনেকেই এগিয়ে যান। কারণ, তাঁর আমন্ত্রণের সুর বড় আন্তরিক। চেহারায়ও কী যেন আছে, মনে হয় অনেক আপন। এ কারণে তাঁর ডাক এড়ানো যায় না। সদা হাস্যময় এই ব্যক্তির নাম বাচ্চু মিয়া। ৪৪ বছর ধরে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে রয়েছেন। আদালত ভবনের পাঁচতলায় তাঁর চা-রুটির দোকান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই দোকান।
আইনজীবী, বিচারপ্রার্থী, পেশকার থেকে আদালতে আসা নানান মানুষ তাঁর কাছ থেকে চা-টা খেয়ে থাকেন। বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকার আদালতপাড়ার মানুষই তাঁকে বাঁচিয়ে রেখেছেন। দেশ স্বাধীন হওয়ার আগের বছর আদালত এলাকায় আসা শুরু করেন। এরপর থেকে পান, বিড়ি, সিগারেট, শরবত বিক্রি করছেন। এখন কলা, রুটি, পান, সিগারেট বিক্রি করেন। বেচাকেনা মন্দ নয়। এ দিয়ে চলে যায় তাঁর সংসার।
বাচ্চু মিয়া জানান, যখন তিনি ঢাকার আদালত এলাকায় প্রথম আসেন, তখন এমন বড় বড় ভবন ছিল না। ছোট্ট ভবনে আদালতের বিচারকাজ চলত। আসামিদের আনা হতো হাঁটিয়ে। আদালতে কাজ সারার পর তাঁদের আবার হাঁটিয়ে কারাগারে নেওয়া হতো। এখন যেমন আদালত এলাকায় শত শত মানুষের ভিড় লেগে থাকে, তখন তেমন ছিল না। সন্ধ্যার পর আদালত এলাকার আশপাশে শিয়ালের ডাক শোনা যেত।
বাচ্চু মিয়া বলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদালত এলাকায় দেখেছেন। গাড়িতে করে বঙ্গবন্ধু পোগোজ স্কুল, শাঁখারীবাজারে আসতেন। পরনে থাকত সাদা পাজামা-পাঞ্জাবি। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণও তিনি শুনেছেন। সেই সময় তিনি শরবত বিক্রি করতেন। প্রতি গ্লাস শরবত বিক্রি করতেন এক আনায়।
এখন বাচ্চু মিয়ার শরীর আগের মতো নেই। বয়স ৬৫ পেরিয়েছে। চোখে ছানি পড়েছে। স্পষ্ট দেখতে পান না। বাঁ পায়ের গোড়ালিতে বড্ড ব্যথা। খুঁড়িয়ে হাঁটেন। এরপরও তিনি ভালোই আছেন বলে জানালেন।
পুরান ঢাকায় নিজের একতলা বাড়িতে বাস করেন বাচ্চু মিয়া। স্ত্রী, ছেলেমেয়ে, নাতি-নাতনি নিয়ে কেটে যাচ্ছে তাঁর দিন। তিনি বলেন, চোখের সামনে তাঁর বন্ধুবান্ধব অনেক টাকার মালিক হয়েছেন। অনেকে জায়গা-বাড়ি-গাড়ি করেছেন। তিনি বুঝতেই পারেননি ঢাকার তখনকার আদালতের অবস্থা আজকের মতো হবে। এরপরও তাঁর মনে আক্ষেপ নেই। যে কটা দিন বাঁচবেন, সুস্থ আর কর্মক্ষম থাকবেন, রোজই আদালতে আসবেন। আর বলবেন, ‘স্যার, কিছু একটা খেয়ে যান।’