৪৪ বছর ধরে আদালতে

‘স্যার। আসেন। একটা কিছু খেয়ে যান।’ হাসিমুখে এমন আমন্ত্রণ শুনে অনেকেই এগিয়ে যান। কারণ, তাঁর এ আমন্ত্রণে আন্তরিক সুর, চেহারায়ও কী যেন আছে, মনে হয় অনেক আপন। এ কারণে তাঁর ডাক এড়ানো যায় না। সদা হাস্যময় এই ব্যক্তিটির নাম বাচ্চু মিয়া। ৪৪ বছর বছর ধরে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে রয়েছেন। আদালত ভবনের পাঁচতলায় বাচ্চু মিয়ার চা-রুটির দোকান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই দোকান।
উকিল, বিচারপ্রার্থী, পেশকার থেকে আদালতে আসা নানান মানুষ তাঁর কাছ থেকে চা আর টা খেয়ে থাকেন।
বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকার আদালতপাড়ার মানুষ তাঁকে বাঁচিয়ে রেখেছে। দেশ স্বাধীন হওয়ার আগের বছর আদালত এলাকায় আসা শুরু করেন। এরপর থেকে থেকে পান, বিড়ি, সিগারেট, শরবত বিক্রি করছেন। এখন কলা, রুটি, পান, সিগারেট বিক্রি করেন। দিনে ৭০০-৮০০ টাকা বিক্রি হয়। এ দিয়ে চলে যায় তাঁর সংসার।
বাচ্চু মিয়ার ভাষ্যমতে, যখন তিনি ঢাকার আদালত এলাকায় প্রথম আসেন, তখন এমন বড় বড় ভবন ছিল না। ছোট্ট ভবনে আদালতের বিচারকাজ চলত। আসামিদের আনা হতো হাঁটিয়ে। আদালতে কাজ সারার পর তাঁদের আবার হাঁটিয়ে কারাগারে নেওয়া হতো। এখন যেমন আদালত এলাকায় শত শত মানুষের ভিড় লেগে থাকে, তখন তেমন ছিল না। সন্ধ্যার পর আদালত এলাকার আশপাশে শিয়ালের ডাক শোনা যেত।
বাচ্চু মিয়ার ভাষ্য, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদালত এলাকায় দেখেছেন। গাড়িতে করে বঙ্গবন্ধু পোগোজ স্কুল, শাঁখারীবাজারে আসতেন। পরনে থাকত সাদা পাঞ্জাবি। বঙ্গবন্ধু স্যারকে এক নজর দেখার জন্য পোগোজ স্কুলে যেতেন। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণও তিনি শুনেছেন। সেই সময় তিনি শরবত বিক্রি করতেন। এক আনায় তখন এক গ্লাস শরবত পাওয়া যেত।
এখন বাচ্চু মিয়ার শরীর আগের মতো নেই। বয়স ৬৫ পেরিয়েছে। চোখেও ঠিকমতো দেখতে পান না। চোখে ছানি পড়েছে। আর বাঁ পায়ের গোড়ালিতে বড্ড ব্যথা। তাই খুঁড়িয়ে হাঁটেন। এরপরও তিনি ভালোই আছেন বলে জানালেন। স্ত্রী, ছেলেমেয়ে, নাতি-নাতনি নিয়ে কেটে যাচ্ছে দিন।

পুরান ঢাকায় নিজের একতলা ভবনে বাস করেন বাচ্চু মিয়া। আক্ষেপের সুরে তিনি বলেন, চোখের সামনে তাঁর বন্ধুবান্ধুবেরা অনেক টাকার মালিক হয়েছেন। তাঁদের আছে বাড়ি-গাড়ি। অল্পস্বল্প লেখাপড়া জানা তাঁর কিছু বন্ধুর ভালো চাকরি হয়ে গেছে। তাঁকেও বলা হয়েছিল, কিন্তু তিনি করেননি। বাচ্চু মিয়া বললেন, তিনি বুঝতেই পারেননি, ঢাকার তখনকার আদালত আজকের মতো হবে। এরপরও তাঁর মনে আক্ষেপ নেই। যে কটা দিন বাঁচবেন, সুস্থ আর কর্মক্ষম থাকবেন, রোজই আদালতে আসবেন। আর বলবেন, ‘স্যার। কিছু একটা খেয়ে যান।’