৪৪ বছর পর দুই শহীদের কবরের পাশে স্বজনেরা
১৯৭১ সালের ১২ এপ্রিল। নীলফামারীর সৈয়দপুর সেনাক্যাম্প থেকে দশমাইল মোড় হয়ে হানাদার বাহিনী দিনাজপুরে প্রবেশের চেষ্টা করছে। সহযোদ্ধাদের সঙ্গে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুললেন ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান ও হাবিল মিয়া হোসেন। দুজন শহীদও হলেন একসঙ্গে।
পরে স্থানীয় লোকজন দশমাইল মোড়ে মহাসড়কের পাশে দুজনকে কবর দেন। ৪৪ বছর পর দিনাজপুরে ওই দুই ইপিআর সৈনিকের কবরের সন্ধান পেলেন তাঁদের পরিবারের সদস্যরা। গতকাল শনিবার দিনাজপুর-ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের দশমাইল মোড়ে তাঁদের কবরের পাশে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটমারা গ্রামে। আর হাবিলদার মিয়া হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের গৌরকান্দা গ্রামে।
স্বাধীনতার ৪৪ বছর পর ওই দুই শহীদের কবরের সন্ধান দেওয়ার কাজটি করেছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) মাহবুব কবির মিলন। তিনি বলেন, দুই শহীদের পারিবারিক ঠিকানার বিষয়ে দিনাজপুরÖপ্রশাসন, মুক্তিযোদ্ধা×কিংবা দিনাজপুরের বিজিবি দপ্তরে কোনো তথ্য ছিল না। সম্প্রতি তিনি বিজিবির সদর দপ্তর পিলখানার রেকর্ড শাখা থেকে তাঁদের ঠিকানা খুঁজে পান। এরপর দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের এক ভাই ও এক বোন বেঁচে আছেন। মিয়া হোসেনের স্ত্রী ও দুই সন্তান জীবিত আছেন।
১২ এপ্রিলের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী দিনাজপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হানাদার বাহিনীর প্রবেশ রুখতে ওই দিন ইপিআর, পুলিশ ও মুক্তিযোদ্ধারা দিনাজপুর-রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দশমাইল মোড়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। সম্মুখ সমরে হানাদার বাহিনীর একটি কামানের গোলায় শহীদ হন ইপিআরের ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান ও হাবিলদার মিয়া হোসেন। স্থানীয় লোকজন দশমাইল মোড়ে মহাসড়কের পাশে তাঁদের কবর দেন। ১৯৯৬ সালে দিনাজপুর বিডিআরের উদ্যোগে কবর দুটি পাকা করা হয়। বাঁধানো কবরে তাঁদের নামফলকে ঠিকানা লেখা আছে—শহীদ হাবিলদার মিয়া হোসেন। বাড়ি ফরিদপুর জেলার গোপালগঞ্জে। আর ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান। বাড়ি বরিশালের ঝালকাঠিতে।
শহীদ ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক নাছির হোসেন বলেন, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার ছয় মাস পর বিডিআর সদর দপ্তর থেকে বড় ভাই শহীদ হওয়ার সনদ, দুই হাজার টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু স্বাক্ষরিত একটি চিঠি বাড়ির ঠিকানায় আসে। এরপর ১৯৭৯ সাল পর্যন্ত তাঁদের বাবা এবং বাবার মৃত্যুর পর ২০০২ সাল পর্যন্ত মা ছেলের পেনশনের টাকা পান। কিন্তু আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ভাতা পাননি।
অন্যদিকে শহীদ হাবিলদার মিয়া হোসেনের স্ত্রী শামসুন নাহার ও ছেলে শাহজাহান মিয়া, মেয়ে সুফিয়া খাতুন, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজামুদ্দিনসহ পরিবারের সদস্যরা নেত্রকোনা থেকে দিনাজপুরে আসেন।
গতকাল সন্ধ্যায় দশমাইল মোড়ে কাহারোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর বিজিবি সেক্টর সদর দপ্তরের ২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতার ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা কমান্ডার সিদ্দিক গজনবী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।