৪৪ বছর পর বুলেটমুক্ত ব্রজেন্দ্র
মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর ছোড়া গুলি লেগেছিল সুনামগঞ্জের দিনমজুর ব্রজেন্দ্র দাসের পেটে। দিরাই উপজেলার পেরুয়া গ্রামের বাসিন্দা ব্রজেন্দ্র গুরুতর আহত হলেও বেঁচে গিয়েছিলেন। কিন্তু পেটে সেই গুলি নিয়েই কাটিয়ে দিয়েছেন এ পর্যন্ত। সামর্থ্য নেই বলে অস্ত্রোপচার করিয়ে গুলি বের করা হয়নি। অবশেষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় গত রোববার ৪৪ বছর বয়ে বেড়ানো সেই গুলির বোঝা থেকে মুক্ত হয়েছেন তিনি।
সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধ ব্রজেন্দ্র দাসের পেটে সফল অস্ত্রোপচার হয়। এতে সহায়তা করে ‘অনার সেভেনটি ওয়ান’ নামে একটি সংগঠন। ব্রজেন্দ্রকে নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর প্রথম আলোয় ‘পেটে গুলি নিয়ে ৪৩ বছর!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
ব্রজেন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে তিনি পেরুয়া গ্রামের রামকুমার রায় নামের এক ব্যক্তির বাড়িতে কৃষক হিসেবে কাজ করতেন। ৬ ডিসেম্বর সকালে গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনীর স্থানীয় সহযোগী রাজাকাররা। তারা বাড়িঘরে আগুন দেয়, চালায় লুটপাট। পেরুয়া ও আশপাশের গ্রাম থেকে ২৭ জনকে ধরে নিয়ে মরা সুরমা নদীর ঘাটে পাশাপাশি দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা করে রাজাকাররা। কেবল বেঁচে গিয়েছিলেন তিনি। তবে পেটে গুলি লেগেছিল।
ওই ঘটনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল ব্রজেন্দ্রকে। পরে অনুভব করেন পেটে চামড়ার নিচে কিছু একটা গেঁথে আছে। কিন্তু তেমন কোনো শারীরিক সমস্যা না হওয়ায় আর চিকিৎসকের শরণাপন্ন হননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘মাঝেমধ্যে কষ্ট হতো। আমি গরিব, কোথায় গিয়ে কী করতে হয় জানিও না। এত দিন কেউ বলেও নাই এই গুলি পেট থেকে বের করা যাবে।’
‘অনার সেভেনটি ওয়ান’ সংগঠনের প্রতিনিধিরা মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাব-সেক্টরের গেরিলা ‘দাসপার্টি’ নিয়ে বই লেখার কাজে পেরুয়া গ্রামে গেলে ব্রজেন্দ্র দাসের সঙ্গে তাঁদের দেখা হয়। অনার সেভেনটি ওয়ানের সংগঠক হাসান মোরশেদ বলেন, ব্রজেন্দ্র দাস ও তাঁর পরিবারের সম্মতিতে তাঁকে সিলেট নিয়ে বিনা মূল্যে অস্ত্রোপচার করানো হয়েছে।
অস্ত্রোপচারকারী চিকিৎসক মনজুর আহমেদ বুধবার প্রথম আলোকে বলেন, ‘গুলিটি চামড়ার মধ্যেই আটকে ছিল বলে এভাবে দীর্ঘদিন তিনি থাকতে পেরেছেন। তবে গত কয়েক বছর ব্যথা অনুভব করছিলেন। ফলে তা বের করাও জরুরি ছিল। অস্ত্রোপচার সফল হয়েছে।’