৪৪ বছর পর ভুরুঙ্গামারীতে শহীদের স্মৃতিস্তম্ভ
স্বাধীনতার ৪৪ বছর পর শহীদ লে. আসফাকুস সামাদের কবর সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশন। গতকাল বুধবার সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর লে. সামাদ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ৬৬ পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার এ কে এম সামসুদ্দিন, জেলা প্রশাসক এ বি এম আজাদ, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী প্রমুখ।
মহান স্বাধীনতাযুদ্ধের সময় ২০ নভেম্বর নাগেশ্বরীর রায়গঞ্জ ব্রিজের কাছে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন মুক্তিযুদ্ধে প্রথম কমিশনপ্রাপ্ত অফিসার লে. আসফাকুস সামাদ বীর উত্তম। পরদিন তাঁর সহযোদ্ধারা সামাদসহ আরও তিনজনের লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী জয়মনির হাট মসজিদসংলগ্ন এলাকায় দাফন করেন। স্বাধীনতার পর তাঁকে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এলাকাবাসী ওই এলাকার নাম রাখেন সামাদনগর।
এ ছাড়া তাঁর নামে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয় বেশ কটি শিক্ষাপ্রতিষ্ঠান।