৪৪ বছরেও মেলেনি স্বীকৃতি

পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞ চলছে সিলেট শহরে। অতর্কিত গুলির ভয়ে রাজপথ তখন জনশূন্য, থমথমে চারদিক। এমনই পরিবেশে ছুটে চলেছে একটি অ্যাম্বুলেন্স। গুলিবিদ্ধ মানুষ দেখলেই চালক তাকে তুলে নিচ্ছেন। এ রকম অসংখ্য আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসতেন মানুষটি।
একাত্তরে জীবনবাজি রেখে বহু মানুষকে বাঁচিয়েছেন অ্যাম্বুলেন্সচালক কোরবান আলী। একদিন পাকিস্তানিদের গুলিতে তিনি নিজেই প্রাণ হারান। তারপর ৪৪ বছর কেটে গেল। কিন্তু অকুতোভয় মানুষটিকে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হলো না।
সিলেট নগরের কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে ও মুক্তিযুদ্ধবিষয়ক বই তাজুল মোহাম্মদের সিলেটে গণহত্যা থেকে জানা যায়, যুদ্ধের সময়ে সিলেট মেডিকেল কলেজের একদল চিকিৎসক আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসা দিতে থাকেন। কোরবান আলী আহত মানুষদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসতেন। কিন্তু এ খবর বেশি দিন গোপন থাকে না। ১৯৭১ সালের ৯ এপ্রিল পাকিস্তানি সেনারা হাসপাতালে হামলা চালায়। তাদের ব্রাশফায়ারে প্রাণ হারান সার্জারি বিভাগের প্রধান শামসুদ্দিন আহমদ, তরুণ শিক্ষানবিশ চিকিৎসক শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও কোরবান আলী।
হাসপাতালের পাশে চৌহাট্টা এলাকায় তাঁদের কবর দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর ওই স্মৃতিকে ধরে রাখতে জায়গাটিকে ‘শহীদ বুদ্ধিজীবী কবরস্থান’ হিসেবে অভিহিত করা হয়। সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিফলক।
কোরবান আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার গালিমপুর গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নগরের পুরোনো মেডিকেল রোড এলাকার সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের (বর্তমানে শহীদ শামসুদ্দিন হাসপাতাল) কলোনিতে থাকতেন। তাঁর স্ত্রী আছিয়া খাতুন স্বামীকে শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু কোনো ফল পাননি। অভাব-অনটনে প্রায় বিনা চিকিৎসায় চার বছর আগে তিনি মারা যান। কোরবান আলীর মেয়ে তছলিমা বিবি জানান, তাঁরা তিন বোন ও এক ভাই। একমাত্র ছোট ভাই অনেক আগেই মারা গেছেন। তিন বোনের বিয়ে হয়ে গেলেও সবারই অভাবের সংসার। এ বছর ২ ফেব্রুয়ারি বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তাঁর আশা, তাঁদের বাবার ত্যাগের স্বীকৃতি পাবেন।
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার ভবতোষ রায় বর্মণ বলেন, আগে যাঁরা মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন, কেবল তাঁদেরই মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু এখন যাঁরা মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেছিলেন, তাঁদেরও সম্প্রতি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।