৪৪ বছরেও হয়নি সংযোগ সড়ক!
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জোয়ারদী গ্রামে একটি সেতু নির্মাণ করা হয়েছে ৪৪ বছর আগে। কিন্তু এই সেতুর ওপর দিয়ে মানুষ চলাফেরা করতে পারেনি কোনো দিন। কারণ সেতু হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। স্থানীয় সূত্র জানায়, জোয়ারদী, কুমারচর ও দৌলরদী গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য ১৯৬৮ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) জন্য সরকারের বরাদ্দ করা অর্থ দিয়ে জোয়ারদী গ্রামে ব্রহ্মপুত্র নদের সংযোগ খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সে সময় বরাদ্দের অভাবে সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সংযোগ সড়ক নির্মাণের জন্য তিন গ্রামের মানুষ ৪৪ বছর ধরে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। চলছে আন্দোলনও। কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিবার সংসদ ও ইউপি নির্বাচনের আগে প্রার্থীরা সংযোগ সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি। কুমারচর গ্রামের বাসিন্দা নোয়াব মিয়া (৭২) বলেন, তিন গ্রামের মানুষের আন্দোলনের পর সরকারি অর্থে ৪৪ বছর আগে সেতু নির্মাণ করা হয়। তার পর থেকে গ্রামবাসী বিভিন্ন সময়ে সাংসদ ও ইউপি চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আসছে। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মেলেনি। স্থানীয় জোয়ারদী গ্রামের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, উন্নয়নবঞ্চিত তিন গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই। সংযোগ সড়কটি নির্মিত হলে কৃষিনির্ভর এই এলাকার চিত্র পাল্টে যাবে।সনমান্দী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, সংযোগসড়কটি নির্মাণের জন্য যে পরিমাণ অর্থের দরকার, সেই পরিমাণ অর্থ ইউনিয়ন পরিষদের বরাদ্দ নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) মাধ্যমে এই সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব। তিনি আরও বলেন, দেশের কোথাও এমন নজির নেই যে সেতু নির্মাণের ৪৪ বছর পরও কোনো মানুষ তার ওপর দিয়ে একদিনের জন্যও চলাচল করতে পারেনি। সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, সেতুটি এলজিইডির অধীনে নির্মিত হয়নি। তবে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা এলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, সংযোগসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।