অর্পিত সম্পত্তি নিয়ে ৪৪ বছর ধরে যে বঞ্চনা চলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তা চিরতরে অবসানের দাবি জানিয়েছেন। গত মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই নম্বর হলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা এসব দাবি জানান।বৈঠকে অংশগ্রহণকারীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী অর্পিত সম্পত্তি আইনের সংজ্ঞা নির্ধারণের দাবি জানান। তাঁরা বলেন, ১৯৭৪ সালের ২৩ মার্চের তালিকানুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে। গেজেটে প্রকাশিত ও তালিকা-বহির্ভূত সব সম্পত্তি অবমুক্ত করার দাবি জানান। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬৫ সাল থেকে এ দেশের লাখ লাখ সংখ্যালঘু পরিবার বংশপরম্পরায় বঞ্চনা আর দুর্দশার শিকার হয়েছে এবং এখনো হচ্ছে। গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, আইনমন্ত্রীর পরামর্শে নাগরিক সমাজের পক্ষ থেকে আইনে কিছু পরিবর্তন ও সংশোধনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে দেওয়া হয়েছে। তিনি বলেন, সেসব পরিবর্তন ও সংশোধনী উপেক্ষা করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির বলেন, এ আইনটি নিয়ে এত কথা, গবেষণা ও বঞ্চনার বিষয় জানানোর পরে এখনো এ আইন বহাল থাকাটা অত্যন্ত দুঃখজনক। নারীনেত্রী আয়েশা খানম বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে হলে অবশ্যই এ অশুভ ও কালো আইন বাতিল করতে হবে।গণতান্ত্রিক আইনজীবী ফোরামের হরেন্দ্র নাথ নন্দীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্য, শামসুল হুদা, রাখী দাস পুরকায়স্থ প্রমুখ বক্তব্য দেন।