বিদ্রোহের কেন্দ্রে ছিল ৪৪ রাইফেল ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের সদস্যরাই বিদ্রোহের পরিকল্পনা, সংগঠিত করা আর কার্যকর করার পেছনে জোরালো ভূমিকা পালন করেছেন। এমন কোনো অপরাধ নেই, যা তাঁরা করেননি। বিদ্রোহের সূচনাকারী সেপাই সেলিম রেজা, কাজল আলীরাও এ ব্যাটালিয়নেরই সদস্য। বিডিআর বিদ্রোহের বিচারে পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-১১-তে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল কাজী অনিরুদ্ধ এভাবেই ৪৪ রাইফেলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।গতকাল সোমবার ৪৪ রাইফেলের ৬৭৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল ২০০ জনকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান আদালত। এর বাইরে সবার অভিযোগ একসঙ্গে পড়ে শোনানো হয়। তাঁদের বিরুদ্ধে ১৪ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে।মামলার প্রসিকিউটর কাজী অনিরুদ্ধ বলেন, এই মামলার ৬৭৫ আসামির মধ্যে ১২০ জন সিআইডির অভিযোগপত্রভুক্ত হত্যা, বিস্ফোরক মামলার আসামি। তাঁদের মধ্যে ৩৬ জনকে গতকাল আদালতে হাজির করানো হয়। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি সকালে দরবার হলে প্রথমে গুলি করে বিদ্রোহ শুরুর সংকেত দেন সেপাই কাজল আলী। ৪৪ ব্যাটালিয়নের সেপাই সেলিম রেজা, হাবিব, রফিক, আলতাফ, ইব্রাহীম, রাজিব ও রিওন বিদ্রোহের পরিকল্পনা, সংগঠিত করা ও পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজের হাতে মানুষ খুন করেন তাঁরা।অভিযোগ: ৪৪ ব্যাটালিয়নের ১৮৭ জনের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, ৪৯৮ জনের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বিদ্রোহে অংশ নেওয়া, ২৮ জনের বিরুদ্ধে সেলিম রেজার নেতৃত্বে বিদ্রোহে অংশ নেওয়াসহ মোট ১৪ ধরনের অভিযোগ আনা হয়।গতকাল বেলা ১১টায় আদালত শুরুর পর প্রসিকিউটর তাঁর বক্তব্য দেন। এরপর আদালত দলগতভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর ২০০ জনের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পৃথকভাবে পড়ে শোনান আদালত। কাল বুধবার আবারও তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হবে।গতকাল আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারউদ্দীন মাহমুদ। আদালতের কাজে সাহায্য করেন লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত হোসেন, মেজর আলমগীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ। আদালতে বিশেষ প্রসিকিউটর ছিলেন মোশাররফ হোসেন কাজল, শাহনেওয়াজ টিপু, সাইদুর রহমান ও মনজুর আলম।