৪৪ রোহিঙ্গাকে ফেরত আটক ১৩
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড গতকাল শুক্রবার আরও ৪৪ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। এদিকে গতকাল ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে একটি মাছ ধরার ট্রলারে করে ৪৪ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। এর আগে ওই ট্রলারটি দুবার ফেরত পাঠানো হলেও সেটি মিয়ানমারে না গিয়ে রোহিঙ্গাসহ আবারও ফিরে আসে।বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মাঝের পাড়া এলাকা থেকে আটক রোহিঙ্গাদের বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। তাদের খাবারের পাশাপাশি চিকিৎসা ও মানবিক সাহায্য দেওয়া হচ্ছে। তবে ট্রলার না থাকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। ট্রলার পাওয়া গেলেই তাদের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, শাহপরীর দ্বীপসহ আশপাশের এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোঁজে অভিযান অব্যাহত থাকবে।এক প্রশ্নের জবাবে অধিনায়ক মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা সপরিবারে রোহিঙ্গা আসা বন্ধ করতে পেরেছি। তবে জেলেদের সহায়তায় দু-একজন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বলে আমরা খবর পাচ্ছি। আর যখনই খবর পাচ্ছি তখনই সেখানে অভিযান চালানো হচ্ছে।’মিয়ানমার থেকে গতকাল নতুন করে কোনো রোহিঙ্গা আসার খবর পাওয়া যায়নি।সূত্র জানায়, গত তিন দিনে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে। সারা রাত ট্রলারে করে সাগরে ভাসার পর শেষরাতে কিংবা ভোরে এসব রোহিঙ্গা উপকূলে উঠে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাদের নানাভাবে সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে।এদিকে মিয়ানমার থেকে গতকালও কোনো জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসেনি। টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক আবুল মোহায়মেন জানান, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত। মিয়ানমারের ব্যবসায়ীরা এলেই আবার বাণিজ্য শুরু হবে।