৪৪ শতাংশ সন্দেহভাজন জঙ্গি জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ হাজার ৯১২ জন সন্দেহভাজন জঙ্গি আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবেন। এর মধ্যে ১ হাজার ৭৩৩ জনই জামিনে মুক্ত রয়েছেন। জামিনে থাকা এই ৪৪ শতাংশেরই সহিংস উগ্রবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য তাঁদের জঙ্গিবাদে পাল্টা উদ্বুদ্ধকরণ বা ডি–র‌্যাডিক্যালাইজেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা জরুরি।

জঙ্গিবাদবিষয়ক এক ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক নিলয় রঞ্জন বিশ্বাস এ তথ্যগুলো তুলে ধরেছেন। তিন দিনব্যাপী এ ওয়েবিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটটিসি)। ‘জঙ্গিবাদমুক্ত জীবন: বাংলাদেশে জঙ্গিবাদবিরোধী পদক্ষেপ’ শীর্ষক ওয়েবিনারের দ্বিতীয় দিন ছিল আজ সোমবার। আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওয়েবিনারে তিনটি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম এবং সিজিএসের পরিচালক ইমতিয়াজ আহমেদ।

পুরোনো জঙ্গিদের পুনর্বাসন এবং জঙ্গিবাদ প্রতিরোধে তাঁদের ভূমিকা শীর্ষক গবেষণা প্রবন্ধে নিলয় রঞ্জন বিশ্বাস ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) থেকে পাওয়া তথ্য তুলে ধরেন। তিনি উপস্থাপিত তথ্য অনুযায়ী জামাআতুল মুজাহিদীন (জেএমবি) ও নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ২ হাজার ১১৩ জনের মধ্যে ৯১১ জন জামিনে রয়েছেন। আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) গ্রেপ্তার ৪৯৯ জনের মধ্যে জামিনে আছেন ১৪৬ জন। হরকাতুল জিহাদের (হুজি) গ্রেপ্তার ৩৭৯ জনের মধ্যে জামিনে আছেন ১৩১ জন। আর হিযবুত তাহরীরের (এইচটি) গ্রেপ্তার ৯২১ জনের মধ্যে জামিনে আছেন ৫৪৫ জন। এ চার সংগঠনের ৭১ জন জামিনের পর পালিয়ে গেছেন।

নিলয় রঞ্জন বিশ্বাস বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত তথ্য অনুযায়ী ১০৯ জন জঙ্গি কারাগারে তাঁদের শাস্তি ভোগ করছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশই যুবক বা মধ্যবয়সী। তাঁদের কারাবাসের মেয়াদ বিশ্লেষণ করে দেখা গেছে, ৩০ শতাংশই খুব শিগগির সাজা ভোগ করে কারাগার থেকে মুক্তি পাবেন। কারাগার থেকে বেরিয়ে আসার পর তাঁরা যাতে আবারও জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে জন্য তাঁদের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া জরুরি।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক দেলোয়ার হুসাইন ‘অ্যাসেসমেন্ট অব দ্য নিডস অব কাউন্টার টেররিজম ফোর্স’ শীর্ষক প্রবন্ধে জঙ্গিবাদ প্রতিরোধে খেলাধুলা, শিল্পকলা ও ধর্মীয় বিষয়ে ক্যারিশমাটিক ব্যক্তিত্বদের যুক্ত করার ওপর জোর দেন। তিনি বলেন, এসব ব্যক্তির উৎসাহমূলক বক্তব্য জঙ্গিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া জঙ্গিবাদে যুক্ত হওয়ার পর সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদেরও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আলোচনায় অংশ নিয়ে সিটিটিসির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম নাজমুল হক বলেন, দেখা গেছে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে যাঁরা কারাগারে যান, তাঁদের জামিনে বের করে আনা বা মামলা পরিচালনার জন্য জঙ্গি সংগঠন থেকে অর্থায়ন করা হয়। এ ক্ষেত্রে ওই সংগঠনের প্রতি তাঁদের একটি দায়বদ্ধতা তৈরি হয়। অভিযুক্ত এসব জঙ্গি সদস্যকে আইনি সহায়তা দেওয়া গেলে জঙ্গি সংগঠন থেকে তাঁদের বেরিয়ে আসাটা আরও সহজ হবে।

সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তারের পরপরই তাঁর জন্য একটি ‘বিহেভেরাল শিট’ চালু করা যায়। এখানে গ্রেপ্তার–পরবর্তী সময়ে তাঁর আচরণ কেমন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মন্তব্য করবেন। আদালতে নেওয়ার পর তাঁর আচরণ কেমন, সে বিষয়ে আদালত মন্তব্য করবেন। কারাগারে নেওয়ার পর কারাগার কর্তৃপক্ষ তাদের পর্যবেক্ষণ যুক্ত করবে। জামিনে গেলে যিনি জামিনদার হবেন, তিনি তাঁর পর্যবেক্ষণ দেবেন। এতে করে ওই ব্যক্তিকে ডি–র‌্যাডিক্যালাইজেশন প্রক্রিয়ায় কীভাবে যুক্ত করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে।

সমাপনী বক্তব্যে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, সাজাভোগের আগে জঙ্গিদের ডি–র‌্যাডিকালাইজেশন প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া জঙ্গিদের পুনর্বাসনে কিছু ঝুঁকিও রয়েছে। সুযোগ–সুবিধা নিয়ে তাঁদের অনেকেই আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়েন, এমন নজির বিশ্বে রয়েছে। তাই পুনর্বাসন সঠিক সমাধান না হলেও এটাই সম্ভাব্য সমাধান। সরকারও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী।